হল্যান্ডের কাছে হার বাংলাদেশের
হল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিটা খুব অনায়াসে জিতলেও আজ দ্বিতীয় ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে হল্যান্ডকে জয়ের জন্য মাত্র ১২৯ রানের লক্ষমাত্রা বেঁধে দেয় সফরকারীরা। বোলাররা ব্যাটিং ব্যর্থতা ুষিয়ে দেওয়ার চেষ্টা করেও সফল হননি। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে চার মেরে এক উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিক হল্যান্ড।১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছোট ছোট কিছু জুটি গড়ে রানের চাকা ভালোভাবেই সচল রেখেছিল হল্যান্ড। উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল সোয়াটের ৪৯ বলে ৬১ রানের ইনিংসটি হল্যান্ডের জয়ে রেখেছে মুখ্য ভূমিকা। ১৮তম ওভারে তাঁকে সাজঘরে ফেরান মাহমুদুল্লাহ। তবে ততক্ষণে জয়ের নাগাল অনেকখানি পেয়েই গিয়েছিল হল্যান্ড। শেষপর্যায়ে ঘনঘন কিছু উইকেটের পতন ঘটায় বাংলাদেশ শিবিরেও জয়ের আশা দেখা দিয়েছিল। তবে শেষরক্ষা হয়নি মুশফিক বাহিনীর। শেষ বলে হল্যান্ডের প্রয়োজন ছিল দুই রানের। এ অবস্থায় চার মেরে জয় ছিনিয়ে নেন শেষ ডাচ ব্যাটসম্যান আহসান জামিল। বাংলাদেশের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম ও সাকিব আল হাসান।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু শুরুটা মোটেও ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ। কোনো রান সংগ্রহ না করেই সাজঘরে ফিরেছেন জুনায়েদ সিদ্দিকী ও সাকিব আল হাসান। ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফিরেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ। ৫০ রানের চমত্কার ইনিংস খেলেছেন তামিম। ৪১ রান এসেছে মাহমুদুল্লাহর ব্যাট থেকে। জিয়াউর রহমান করেছেন ২২ রান। এই তিনজন ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যানই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। হল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ভন ডার গগটেন। মাত্র ১৮ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। দুইটি করে উইকেট পেয়েছেন মুদাসসর বুখারি ও মাইকেল সোয়ার্ট।