হল্যান্ডের নতুন কোচ লুইস ফন গাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ডের কোচ হিসেবে বার্ট ফন মারউইকের স্থলাভিষিক্ত হলেন লুইস ফন গাল। গতকাল শুক্রবার ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন কোচ হিসেবে ফন গালের নাম ঘোষণা করে। এ নিয়ে অবশ্য দ্বিতীয়বারের মতো হল্যান্ডের কোচ হলেন ফন গাল। এর আগে ২০০০ থেকে ২০০২ পর্যন্ত তিনি কোচের দায়িত্ব পালন করেন। ২০০২ সালের বিশ্বকাপে হল্যান্ড বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হলে তিনি পদত্যাগ করেছিলেন। এবার তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।৬০ বছর বয়সী এই কোচ হল্যান্ডের দায়িত্ব পেয়ে খুশি। তিনি জানিয়েছেন, ‘এই ধরনের চ্যালেঞ্জের জন্যই অপেক্ষায় ছিলাম আমি।’ফন গালের কোচিং ক্যারিয়ারটা যথেষ্টই সমৃদ্ধ। ২০১১ সালেও তিনি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে আয়াক্স আমস্টার্ডামের হয়ে তিনি তাঁর কোচিং ক্যারিয়ার শুরু করেন। তাঁর প্রশিক্ষণেই আয়াক্স তিনটি ডাচ লিগ শিরোপা জয় করে। ১৯৯২ সালে আয়াক্স উয়েফা কাপ ও ১৯৯৫ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করে তাঁরই অধীনে। ২০০০ সালে হল্যান্ডের কোচের দায়িত্ব হাতে নেওয়ার আগে তিনি কিছুদিন বার্সেলোনারও কোচ ছিলেন। ২০০২ সালে হল্যান্ডের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আবারও বার্সেলোনার দায়িত্ব নেন। ২০০৩ সালে তাঁকে বরখাস্ত করে বার্সা। এরপর তিনি টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে আবার আয়াক্সের সঙ্গে যুক্ত হন। তবে বেশি দিন থাকতে পারেননি। এখান থেকেও তাঁকে বরখাস্ত করা হয়। ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত তিনি আল্কমারের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে যোগ দেন বায়ার্ন মিউনিখে।হল্যান্ডের কোচ হিসেবে নবযাত্রায় তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট বেলজিয়ামের বিপক্ষে। আগামী ১৫ আগস্ট বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে কমলা বাহিনী। সেপ্টেম্বরে হল্যান্ড বিশ্বকাপ বাছাইপর্বের অভিযাত্রা শুরু করবে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে। রয়টার্স।