হল্যান্ডের পাশে ফন জিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে মাত্র দুটি পয়েন্ট। এই অবস্থায় পরীক্ষা-নিরীক্ষায় যাওয়া ঝুঁকিপূর্ণ। তবে বেশ কয়েকটি প্রশ্নের যে উত্তর খুঁজছে দক্ষিণ আফ্রিকা, সেটি মিলতে পারে আজ, মোহালিতে। পরীক্ষা-নিরীক্ষায় উৎসাহিত হতেই পারে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ যে হল্যান্ড।এই বিশ্বকাপ হল্যান্ড সম্পর্কে দুটো ধারণা দিয়েছে। এক. যেকোনো বড় দলের বিপক্ষে বড় রান তোলার ক্ষমতা আছে এদের। উদাহরণ—ইংল্যান্ডের বিপক্ষে ২৯২। দুই. বাড়তি পেসের সামনে তারা বড্ড নড়বড়ে। উদাহরণ—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৫!স্বাভাবিকভাবেই আজ ডেল স্টেইন, মরনে মরকেলের পাশাপাশি লনওয়াবো সতসোবেকেও খেলাতে উৎসাহিত হবে দক্ষিণ আফ্রিকা। তা ছাড়া মোহালির উইকেটও অন্য ভেন্যুগুলোর তুলনায় বাড়তি গতির। সে ক্ষেত্রে সরে আসতে হবে তিন স্পিনার খেলানোর নীতি থেকে। বাদ পড়বেন গত ম্যাচে উইকেটশূন্য থাকা রবিন পিটারসন।হল্যান্ডের বিপক্ষে তাদের রেকর্ড সেই উৎসাহই জোগাবে। গত বিশ্বকাপে হল্যান্ডকে ২২১ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা, ১৯৯৬ সালে হারিয়েছিল ১৬০ রানে। দক্ষিণ আফ্রিকার কোচ করি ফন জিল অবশ্য জানিয়েছেন, ‘আমরা এই ম্যাচটি জিততে চাই। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলের কম্বিনেশন যে ঠিক আছে, সেটিও আমরা দেখতে চাই।’অনেকেই বলছেন, দক্ষিণ আফ্রিকা তাদের সেরা বোলিং আক্রমণ নিয়ে এই বিশ্বকাপে এসেছে। দলটাও বেশ ভারসাম্যপূর্ণ। ফন জিল অবশ্য বলছেন, ‘আমি বলব না আমাদের আক্রমণ সবচেয়ে ভারসাম্যপূর্ণ। ভারসাম্যপূর্ণ বলার চেয়ে বেশি বিকল্প আছে বলাই ভালো।’ হল্যান্ডকেও সমীহ করছেন ফন জিল, ‘ওদের হালকাভাবে নিলে আমাদের পস্তাতে হবে।’ম্যাচটি হল্যান্ডের জন্যই আসলে বেশি গুরুত্বপূর্ণ। সহযোগী দেশগুলোর বিশ্বকাপে থাকার যথার্থতা প্রমাণের ভার হল্যান্ড যে নিজ কাঁধে নিয়েছে। ডাচ অধিনায়ক পিটার বোরেন বলছেন, ‘ছোট দলগুলোর বিশ্বকাপ হতাশাজনক। কিন্তু এটাও বুঝতে হবে, বড় দলগুলোর বিপক্ষে আমরা অনেক দিন ধরে খেলিনি। সহযোগী দেশগুলোও বিশ্বকাপে অবদান রাখে। যে দেশগুলো বলছে আমাদের বিশ্বকাপে খেলা উচিত নয়, তারাও তো বিশ্বকাপের বাইরে আমাদের সঙ্গে খেলে না।’বোরেন জেনে খুশি হবেন। ফন জিল তাদের পাশে, ‘বিশ্বকাপে সহযোগী দেশগুলোরও থাকা উচিত। এটা বিশ্ব ক্রিকেটের জন্যই গুরুত্বপূর্ণ।’ এএফপি।