হল্যান্ডের প্রস্তুতি-সন্তুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েলসের বিপক্ষে হল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচের একটি দৃশ্য। ছবি: রয়টার্স।
ওয়েলসের বিপক্ষে হল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচের একটি দৃশ্য। ছবি: রয়টার্স।

হল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি সন্তুষ্টই করবে কোচ লুই ফন গালকে। ওয়েলসের বিপক্ষে ২-০ গোলের দারুণ এক জয়ের স্মৃতি নিয়েই ব্রাজিল যাচ্ছে তারা। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ঘানার বিপক্ষেও জয় আছে তাদের।
বুধবার আমস্টারডামে অনুষ্ঠিত এই ম্যাচে হল্যান্ডের জয়ে দারুণ অবদান ছিল আরিয়েন রোবেনের। নিজে গোল করেছেন, আরও একটি গোলেও তাঁর ছিল বড় অবদান।
ওয়েলসের হয়ে কাল মাঠে ছিলেন না রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল ও আর্সেনালের অ্যারন রামসে। এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া যথেষ্ট দুর্বল দল নিয়েই কাল হল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ওয়েলস।
পুরো খেলাই ছিল হল্যান্ডের নিয়ন্ত্রণে। ওয়েসলি স্নাইডার, রবিন ফন পার্সি ও আরিয়েন রোবেনের সমন্বয়ে গড়া ডাচ আক্রমণভাগ ওয়েণসের রক্ষণব্যুহকে পুরো খেলাতেই রেখেছিল ব্যতিব্যস্ত। খেলার ৩২ মিনিটেই দলকে এগিয়ে দেন রোবেন। প্রথমার্ধেই ব্যবধানটা আরও বাড়িয়ে নিতে পারতো ডাচরা। তবে ফন পার্সি ও স্নাইডার দুটো সহজ গোলের সুযোগ নষ্ট করে তা আর হতে দেননি।
খেলার ৭২ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন ডায়নামো কিয়েভ ফরোয়ার্ড জারমেইন লেন্স। এই গোলটির উৎসে ছিলেন রোবেন।
জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলেও ফন পার্সির কুঁচকির চোট ভালোই ভাবনায় ফেলেছে কোচ ফন গালকে।
বিশ্বকাপে স্পেনের গ্রুপসঙ্গী হল্যান্ড নিজেদের প্রথম ম্যাচেই আগুন লড়াইয়ে মাঠে নামবে স্পেনের সঙ্গে।
২০১০ বিশ্বকাপ ফাইনালের এই পুনরাবৃত্তির তারিখ ১৩ জুন। রয়টার্স।