হল্যান্ডের সেরা খেলা এখনো বাকি: বাবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ড দলটিকে নিয়ে বেশ সমালোচনা। সমালোচনার সার কথা হচ্ছে, তারা জয় পাচ্ছে ঠিকই, কিন্তু তাদের খেলায় নাকি দর্শক-সমর্থকদের মন ভরছে না। বিশ্ব ফুটবলে ‘টোটাল ফুটবলের’ যে ধারণা, তা ডাচদেরই মস্তিষ্কপ্রসূত—এ কথা সবাই জানে। ফুটবলে দুই ‘নতুনের আবিষ্কারক’ রাইনাস মিশেল ও ইয়োহান ক্রুয়েফের মাথা থেকেই বেরিয়েছিল টোটাল ফুটবলের ব্যাপারটি। কিন্তু এবারের বিশ্বকাপে সেই টোটাল ফুটবলের দেশ হল্যান্ড যে ফুটবল খেলেছে, তা নিয়ে তৃপ্ত হতে পারছেন না অনেকেই। হল্যান্ডের মিডিয়াতেও ব্যাপারটি নিয়ে বিস্তর সমালোচনা। সারা বিশ্বকে আক্রমণাত্মক ফুটবল শেখানো দেশটি এবারে যা খেলছে, তাকে আর যা-ই হোক আক্রমণাত্মক খেলা বলা যায় না। দল জিতছে ঠিকই, কিন্তু এই খেলা দেখে অনেকেরই টেলিভিশন সেটের সামনে ঘুমিয়ে পড়ার উপক্রম হচ্ছে। বিপুল উত্সাহ নিয়ে খেলা দেখতে এসে অনেক ডাচভক্তই মিইয়ে যাচ্ছে।তবে হল্যান্ড বিরক্তিকর ফুটবল খেলছে, এ কথা মানতে নারাজ ডাচ দলের অন্যতম সেরা খেলোয়াড় রায়ান বাবেল। তিনি মনে করেন, বিশ্বকাপে জয় তুলে নেওয়া কার্যকর ফুটবলই খেলছে ডাচ দল। তবে তিনি মনে করেন, এবারের বিশ্বকাপে এখনো সেরা খেলাটি খেলেনি হল্যান্ড দল। ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচেই হল্যান্ড দলের সত্যিকারের চেহারা সবাই দেখতে পারবে বলে বাবেল আশা প্রকাশ করেছেন।বাবেল মনে করেন, সত্যিকারে হূদয়গ্রাহী ফুটবল সব দলের সঙ্গে খেলা যায় না। তিনি বলেন, ‘সত্যিকার অর্থে যেসব দল মাঠে কার্যত ফুটবলই খেলে না, তাদের বিপক্ষে খেলাটা দর্শকদের কাছে বিরক্তিকর ঠেকতেই পারে। আপনার সেরা খেলাটা খেলতে হলে প্রতিপক্ষ দলটিও ভালো হতে হয়।’বাবেল আরও বলেন, ‘এবারের বিশ্বকাপে হল্যান্ড এখনো পর্যন্ত যে চারটি ম্যাচ খেলেছে, সেগুলোতে প্রতিপক্ষের লক্ষ্য কখনো ফুটবল খেলা ছিল না। ছিল হল্যান্ডকে ঠেকানো। তারা সব সময়ই হল্যান্ডের খেলার জন্য অপেক্ষা করেছে।’শুক্রবারের ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এমনটি হবে না বলেও নিশ্চিত করেছেন বাবেল। তিনি ব্রাজিলকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দল হিসেবে অভিহিত করে বলেন, ‘ব্রাজিল কখনো মাঠে আপনার অপেক্ষায় বসে থাকবে না। দলটি প্রথম থেকেই আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে। তখন হল্যান্ডও নিজেদের আসল খেলাটা খেলার সুযোগ পাবে।’হল্যান্ডের খেলা নিয়ে সে দেশের গণমাধ্যমের সমালোচনাকে মোটেও পাত্তা দিতে চান না বাবেল। তিনি মনে করেন, ‘বিশ্বকাপে জয়টাই আসল। যদি আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাই, তাহলে এই সমালোচকেরাই আমাদের বন্দনায় ঝাঁপিয়ে পড়বে। আবার উল্টো ব্যাপারটিও ঘটতে পারে। পুরো বিশ্বকাপে আমরা হূদয়গ্রাহী খেলা খেললাম, কিন্তু দেশকে ফলাফল দিতে পারলাম না, তখন দেখবেন সবাই আমাদের মুণ্ডুপাত করছে। অতএব, এসব নিয়ে ভেবে লাভ নাই।’ডাচ কোচ বার্ট ফন মারউইক মনে করেন, ‘ব্রাজিলের বিপক্ষে যেকোনো ভুলের খেসারত দিতে হতে পারে। অতএব, সেদিন আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’