হাঁকডাকের পাইওনিয়ার লিগের এই হাল!
ধূপখোলা ইস্ট এন্ড ক্লাব মাঠে ফুটবল খেলতে ব্যস্ত হাসনাবাদ স্পোর্টিং ক্লাব ও জুরাইন ফুটবল একাডেমির খেলোয়াড়েরা। হঠাৎ মাঠে ঢুকে পড়ল এক কিশোর। পাশেই ক্রিকেট খেলতে ব্যস্ত ছেলেদের কেউ একজন ছক্কা হাঁকিয়েছে—বল আনতে আরেক কিশোর দৌড়ে চলে গেল মাঠের মাঝখানে!এটা পাড়ার কোনো খেলার দৃশ্য নয় যে একই মাঠে ভাগাভাগি করে ফুটবল আর ক্রিকেট খেলছে ছেলেরা। আসলে কাল বিকেলে ওই মাঠে চলছিল পাইওনিয়ার ফুটবল লিগের ‘ক’ গ্রুপের খেলা।মাঠে গিয়ে এমন অবাক করা দৃশ্যই চোখে পড়ল। কিন্তু এসব দেখার যেন কেউ নেই! খেলা শুরুর আগে ডাগ আউটে দাঁড়িয়ে এক কর্মকর্তার চিৎকার, ‘ওইখানে গাতা (গর্ত) আছে, সমান কর ওটা।’ অমনি বালুর গর্তটি ভরতে ব্যস্ত হয়ে গেল এক খেলোয়াড়।ঢাকা মহানগরের ৮১টি ক্লাব নিয়ে ৯ অক্টোবর শুরু হয়েছে পাইওনিয়ার ফুটবল লিগ। খেলা হচ্ছে ইস্ট এন্ড ক্লাব মাঠ, গোলার টেক মাঠ, বিজি প্রেস মাঠ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঠ, উত্তরা ৪ নম্বর সেক্টর মাঠ ও মোহাম্মদপুর ঈদগাহ মাঠে। বেশির ভাগ মাঠেরই একই চিত্র।ধূপখোলা ইস্ট এন্ড ক্লাবের পাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঠেও একই দৃশ্য। সারা মাঠ ন্যাড়া, বালুময়। দেখে মনে হবে যেন নদীর পাড়ে ছেলেরা বৈকালিক আনন্দে মেতেছে ফুটবল নিয়ে। ওই মাঠে সীমানা দেয়াল আছে, তার পরও মাঠে অনাকাঙ্ক্ষিত কিশোরদের উৎপাত। একটু পর পর ক্রিকেট বল কুড়াতে ঢুকে যাচ্ছে মাঠে। এক কিশোরকে দেখা গেল গোলরক্ষকের পেছনে দাঁড়িয়ে দিব্যি আইসক্রিম খেতে!মাঠের ভেতরেও ছিল অনিয়ম। বয়স চুরির অভিযোগ তো আছেই। এসব অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে ফেডারেশনের কর্মকর্তাদের কাছে ধমক খেয়ে ফিরে এসেছেন জুরাইন ফুটবল একাডেমির ম্যানেজার সাইদুর রহমান। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বললেন, ‘জয় সাহেব আর বিজন বড়ুয়া (লিগ কমিটির চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান) মনে হয় কাঠের চশমা পরেছেন।’ দলের অন্যতম স্ট্রাইকার রবিনকে দেখিয়ে বললেন, ‘দেখুন, ওর থুতনি আঁচড় দিয়ে কী করেছে?’ ডি বক্সের ভেতরে তাকে মারাত্মকভাবে আহত করলেও রেফারি ফাউল দেননি, একটা কার্ডও দেখাননি প্রতিপক্ষ মীর হাজিরবাগের খেলোয়াড়কে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঠে খেলোয়াড়দের বসার কোনো জায়গা নেই। তাদের ব্যাগ ও অন্যান্য লাগেজ নিয়ে উদ্বাস্তুর মতো বসে থাকতে দেখা গেল মাঠের পাশের টিনের বেড়ার ধারে। ফরোয়ার্ড ইমরান মাঠ নিয়ে বেশ ক্ষুব্ধ, ‘আমরা সিদ্ধিরগঞ্জে খেলে এসেছি ঘাসের মাঠে। এমন বালুর মাঠে বল রিসিভ করা যায় না। খেলতে খুবই কষ্ট হয়।’ সিটি করপোরেশনের পূর্ব জোনের মাঠ সংরক্ষণের দায়িত্বে রয়েছেন স্থানীয় সাবেক ফুটবলার মোহাম্মদ অ্যাপোলো। তিনিও মাঠের দুরবস্থার কথা স্বীকার করলেন, ‘ঢাকা শহরে ভালো মাঠের বড়ই অভাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের খেলতে দিয়েছে, এটাই অনেক বড়। আমরা প্রতিদিন দুই মাঠে চার গাড়ি পানি দিয়ে বালুর গরমটা কমানোর চেষ্টা করছি।’ মাঠে নেই কোনো প্রাথমিক চিকিৎসাব্যবস্থা। এ ব্যাপারে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, ‘ফেডারেশন কোনো ডাক্তার দেয়নি। আমরা ব্যান্ডেজ আর স্যাভলন রেখেছি। আর স্থানীয় এক ডাক্তার পাশেই আছেন। প্রয়োজনে তাঁকে ডাকব।’ নেই স্ট্রেচার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও।