হাঁকডাকের স্কুল ফুটবলে মাঠের এই অবস্থা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক ঢাকঢোল পিটিয়ে জাতীয় স্কুল ফুটবলের ঢাকা মহানগরের খেলা শুরু হয়েছে পরশু। কিন্তু দ্বিতীয় দিনেই ফুটে উঠল দৈন্যদশা। মাঠ নিয়ে অব্যবস্থাপনা বেরিয়ে এসেছে। দায়িত্বপ্রাপ্তরা দায়িত্বে অবহেলা করে চলেছেন। নইলে কেন গেন্ডারিয়া ইস্ট এন্ড ক্লাব মাঠে সকাল আটটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় প্রায় ঘণ্টা দেড়েক পর! তা-ও আবার নির্ধারিত ইস্ট এন্ড ক্লাব মাঠে নয়, অন্য মাঠে!মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে ধূপখোলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠে। ইস্ট এন্ড ক্লাব মাঠটি কাদা-পানিতে ভরা। নতুন করে মাটি ফেলা হয়েছে। ফুটবল খেলার একেবারেই অনুপযুক্ত ছিল। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠেও ঘাসের ছিটেফোঁটা নেই। সারা মাঠ বালুময়।এমন মাঠেই কাল স্কুলছাত্ররা ফুটবল খেলল। কেন মাঠ প্রস্তুত না করেই এত বড় আয়োজন? স্কুল ফুটবল কমিটির সদস্য হাসানুজ্জামান খান বাবলু বললেন, ‘আমরা যাদের মাঠ তৈরির দায়িত্ব দিয়েছিলাম, তারা কাজটা করেনি। পরে আমরা নিজ দায়িত্বে অন্য মাঠ ঠিক করে খেলা চালিয়েছি।’হায়, এখন এসে এই কথা! মাঠ প্রস্তুত হয়নি, এটা আগে জানতেন না কর্তারা? আসলে ঘটনা হলো, মাঠের জন্য বরাদ্দ হয় লাখ লাখ টাকা, কিন্তু কাজ না করে কিছু লোক সেসব টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ আছে। এর আগে পাইওনিয়ার ফুটবলেও একই অবস্থা দেখা গেছে। মাঠ নিয়ে আজও চরম উদাসীন রয়ে গেল বাফুফে।কাল ৯টি ম্যাচে গোল হয়েছে ২৯টি। হ্যাটট্রিক করেছেন দোলাইরপাড়ের তানভীর। গ্রুপ সেমিফাইনালে নারিন্দা ২-০ গোলে নবাবপুরকে এবং দোলাইরপাড় ৩-০ গোলে কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজকে হারিয়েছে। ফাইনালে দোলাইরপাড় ৫-০ গোলে হারায় নারিন্দাকে। এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হলো দোলাইরপাড়।