হাঁটতে পারেন না শুমাখার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিনি আবারও হাঁটছেন!’ গত বছরের শেষ দিকে জার্মান ম্যাগাজিন বুন্তে এমনই এক শিরোনাম দিয়ে চমকে দিয়েছিল বিশ্বকে। সংবাদটি ছিল মাইকেল শুমাখারকে নিয়ে।
২০১৩ সালে আল্পস পর্বতমালায় স্কিয়িং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন ফর্মুলা ওয়ানে সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন। জীবন-মরণের সন্ধিক্ষণে ছিলেন অনেক দিন। ছয় মাস কোমায় থাকার পর নিজের বাড়িতেই তাঁর শুশ্রূষার ব্যবস্থা হয়। গত বছর বুন্তে-এর ওই সংবাদে তাই সবাই খুশি হয়ে উঠেছিল, ভেবেছিল ধীরে ধীরে তাহলে সুস্থ হয়ে উঠছেন সবার প্রিয় শুমাখার। কিন্তু ওই সংবাদ প্রকাশিত হওয়ার পরই তাঁর পরিবার বুন্তে-এর বিরুদ্ধে মামলা করে।
শুমাখারের ম্যানেজার সাবিনা কেমের যুক্তি ছিল, ‘এটা দায়িত্বজ্ঞানহীন কাজ। কারণ তাঁর (শুমাখারের) যে অবস্থা, তাতে গোপনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া এ সংবাদ অনেককেই মিথ্যা আশা দেবে।’
শুমাখারের পরিবার জানিয়েছে, থেরাপিস্টের সহায়তা নিয়েও দাঁড়াতে পাড়েন না শুমাখার এবং তাঁর গোপনীয়তার স্বার্থেই বুন্তে-এর বিরুদ্ধে মামলা করছেন তাঁরা। আগামী অক্টোবরে এ মামলার রায় দেবেন আদালত। অথচ গত মাসেই ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা ডি মন্তেজেলমো বলেছিলেন, ধীরে ধীরে উন্নতি হচ্ছে শুমাখারের। ডেইলি মেইল।