হাঁটা না-হাঁটার বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুয়ার্ড ব্রডকে আউট দিলেন না আম্পায়ার আলিম দার। অস্ট্রেলিয়ান ফিল্ডারদের যেন  বিশ্বাসই হচ্ছে না! গত পরশু ট্রেন্ট ব্রিজে ষ ওয়েবসাইট
স্টুয়ার্ড ব্রডকে আউট দিলেন না আম্পায়ার আলিম দার। অস্ট্রেলিয়ান ফিল্ডারদের যেন বিশ্বাসই হচ্ছে না! গত পরশু ট্রেন্ট ব্রিজে ষ ওয়েবসাইট

ক্রিকেটে ‘ওয়াক’ করা না-করা নিয়ে বিতর্ক অনেক পুরোনো। সেটিই আবার শুরু হয়ে গেল স্টুয়ার্ট ব্রডকে নিয়ে। ব্রডের সমালোচনা যেমন হচ্ছে, তাঁর পক্ষেও বলছেন অনেকে। ঘটনাটা তৃতীয় দিনের শেষ সেশনের। ৩৭ রানে ব্যাট করছিলেন স্টুয়ার্ড ব্রড। অ্যাশটন অ্যাগারের বল ব্রডের ব্যাটের কানা নেওয়ার পর হাডিনের গ্লাভসে লেগে স্লিপে ক্যাচ হলো। কিন্তু আউট দিলেন না আম্পায়ার আলিম দার। বিস্মিত অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক যে রেফারেল চাইবেন সে উপায়ও নেই, কারণ ইনিংসে বরাদ্দ দুটি অসফল রেফারেল আগেই শেষ করে ফেলেছেন।

ব্রড বলটা খেলেই শঙ্কাভরা চোখে আম্পায়ারের দিকে তাকিয়েছিলেন, আম্পায়ারকে নিশ্চল দেখে নির্বিকার ভঙ্গিতে ব্যাটিং করে যান। এই নাটকের পর বেলের সঙ্গে দিনটাও পার করে দেন। কাল আউট হয়েছেন ৬৫ রান করে। জুটিতে যোগ হয়েছে আরও ৫৯ রান। ওই সময় ব্রড আউট হয়ে গেলে ইংল্যান্ড হয়ে যেত ৭ উইকেটে ২৯৭। সেই সপ্তম উইকেট পড়ল কাল, ব্রড আউট হওয়ার পর আর ১৯ রান যোগ করেই অলআউট ইংল্যান্ড। আলিম দারের ওই ভুল সিদ্ধান্তটা তাই বড় হয়ে উঠল আরও। সেটি না হলে যে অস্ট্রেলিয়াকে তিন শর বেশি রান তাড়া করার কঠিন কাজটা করতে হয় না। স্কাই স্পোর্টসে ম্যাচ-পরবর্তী আলোচনায় এই বিতর্কটা শুরু করেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। আউট হওয়ার পরও ‘ওয়াক’ না করে ব্রড অখেলোয়াড়সুলভ মানসিকতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ তাঁর। তুলনা টানেন তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে দিনেশ রামদিনের ঘটনার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মাটি থেকে বল তুলে ক্যাচ দাবি করায় ‘খেলাটির চেতনাবিরোধী’ কাজ করার অভিযোগে দুই ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ উইকেটকিপার দিনেশ রামদিনকে। হোল্ডিং প্রশ্ন তোলেন, রামদিনের আচরণ যদি ‘ক্রিকেটের চেতনাবিরোধী’ হয়, তাহলে ব্রডেরটাও কেন তা নয়? ব্রডকেও তাহলে নিষিদ্ধ করুক আইসিসি।

সাবেক ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম এ কথার জবাবে তীব্র শ্লেষের সঙ্গে বলেছেন, ‘ওয়াক না করার জন্য যদি ক্রিকেটারদের নিষিদ্ধ করা শুরু হয়, তাহলে তো অস্ট্রেলিয়ার দলই হয় না।’ ‘ওয়াক’ করা না-করাটা একদমই ব্যাটসম্যানের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার বোঝাতে তিনি আরও বলেছেন, ‘আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দিন ওয়াক করিনি। ওয়াক না করার জন্য যদি কাউকে নিষিদ্ধ করা হতো, তাহলে নাসের হুসেইন ইংল্যান্ডের হয়ে একটার বেশি ম্যাচ খেলতে পারত না। আমি বিল লরির (সাবেক অস্ট্রেলিয়া ওপেনার) সঙ্গে এ নিয়ে কথা বলেছি। সে-ও ওয়াক করার পক্ষে নয়।’ বোথামের সঙ্গে সুর মিলিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক জিওফ বয়কট বলেছেন, ‘অ্যাডাম গিলক্রিস্ট ছাড়া অন্য কোনো অস্ট্রেলিয়ান কোনো দিন ওয়াক করেনি। ব্রড ঠিকই করেছে। আইসিসির বরং উচিত, একের পর এক ভুল সিদ্ধান্তের ব্যাপারে আইসিসির খুব দ্রুতই কিছু করা।’

সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন তো আলিম দার প্রায়ই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুল দেন দাবি করে বলেছেন, আইসিসির উচিত তাঁকে বরখাস্ত করা।’ দিন শেষে সংবাদ সম্মেলনে সতীর্থ ব্রডের পাশে দাঁড়িয়েছেন ইংলিশ ব্যাটসম্যান পিটারসেনও, ‘প্রত্যেক খেলোয়াড়ের আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার অধিকার রয়েছে। আপনাকে তো আম্পায়ারের সিদ্ধান্তকেও সম্মান জানাতে হবে।’

ওয়াক করা না-করা নিয়ে বিতর্কে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার পিটার সিডল ব্রডেরই পক্ষ নিলেন, ‘মাঠে কয়জনই আর আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে হাঁটা দেন? দিন শেষে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত এবং খেলোয়াড়েরা তা-ই মেনে চলেন।’ ওয়েবসাইট।

ব্রড বিতর্ক

আমি শুধু তখনই ‘ওয়াক’ করি, যখন আমার গাড়ির তেল

শেষ হয়ে যায়।

ইয়ান হিলি

সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার

দিনের আলোর (ব্রড ডেলাইট) মতো পরিষ্কার আউট। খুবই দুঃখজনক।

ডেল স্টেইন

দক্ষিণ আফ্রিকান পেসার

ব্রড ‘ওয়াক’ না করায় আমি কোনো সমস্যা দেখছি না।

টম মুডি

সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার

ও শ্রীলঙ্কার কোচ

ব্রডকে নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু সিদ্ধান্ত তো নেন আম্পায়ার।

জেসন গিলেস্পি

সাবেক অস্ট্রেলিয়ান পেসার

আম্পায়াররা যে অনেক ভুল সিদ্ধান্ত দেন, সেগুলোর কথা ভাবলে কি এটা খুব বেশি অন্যায়?

গ্যারি লিনেকার

সাবেক ইংলিশ ফুটবলার

অস্ট্রেলিয়ানরা দাঁড়িয়ে থাকলে সমস্যা নেই। ইংল্যান্ড করলে প্রতারণা?

গ্যারি নেভিল

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার