হাঁটুর ব্যথা নিয়ে ঢাকায় তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডান হাঁটুতে সামান্য ব্যথা চট্টগ্রামে অনুশীলণ ক্যাম্প শুরু হওয়ার পরদিন থেকেই ছিল। সেই ব্যথা নিয়ে অনুশীলন করেছেন পরশু। তবে কাল আর করলেন না। হাঁটুর এমআরআই করাতে গত রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এসেছেন তামিম ইকবাল।ব্যথাটা কী কারণে, সেটা তামিমের কাছেও একটা রহস্য। দলের ম্যানেজার জাহিদ রাজ্জাক চট্টগ্রাম থেকে টেলিফোনে জানালেন, ‘ব্যথা কীভাবে পেল, সেটা তামিমও জানে না। এখানে আসার পর থেকেই ও ব্যথা অনুভব করছে।’ তবে ম্যানেজার আশাবাদী, সমস্যা গুরুতর নয়, ‘বসতে-টসতে একটু সমস্যা হলেও আমার মনে হয় না জটিল কিছু। পাকিস্তান সিরিজের আর বেশি দিন বাকি নেই বলেই ঝুঁকি এড়াতে এমআরআই করানো হচ্ছে।’আজ দুপুরে অ্যাপোলো হাসপাতালে এমআরআই হওয়ার কথা তামিমের। এমআরআই রিপোর্টে সমস্যা গুরুতর মনে না হলে হয়তো দলের সঙ্গে যোগ দিতে আজই আবার চট্টগ্রামে ফিরে যাবেন। তবে সবকিছু নির্ভর করছে চিকিৎসকের পরামর্শের ওপর।