হাই-প্রোফাইল কোচের খোঁজে জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান কোচ অ্যালান বুচারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের মার্চে। নতুন কোচের সন্ধান পেতে আজ বুধবার বিজ্ঞাপন প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বিজ্ঞাপনে কোচ হওয়ার হরেক পূর্বশর্ত ইঙ্গিত দিচ্ছে যথেষ্ট হাই-প্রোফাইল কোচই এবার চাচ্ছে দলটি।জিম্বাবুয়ে তাদের নতুন ক্রিকেট কোচ হিসেবে আবেদনকারীর যোগ্যতার যে মাপকাঠি দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, এই পদের আবেদনকারীকে কমপক্ষে লেভেল-৩ পর্যায়ের কোচিং সনদ থাকতে হবে। আবেদনকারীকে হতে হবে কমপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা খেলোয়াড়। এ ছাড়াও সিনিয়র পর্যায়ে পাঁচ বছরের কোচিং অভিজ্ঞতাকেও আবশ্যিক পূর্বশর্ত হিসেবে ধরা হয়েছে। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান বুচার জিম্বাবুয়ের দায়িত্ব নেন ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে। কোচ হিসেবে একেবারে খারাপ করেননি বুচার। টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছা-নির্বাসনে যাওয়া জিম্বাবুয়ে তাঁর প্রশিক্ষণেই টেস্ট ক্রিকেটে ফিরে আসে। টেস্টে ফিরে তাঁরা বাংলাদেশের বিপক্ষে সিরিজও জিতেছে। বোর্ড বুচারের চুক্তি নবায়ন না করায় তাঁকে ছেড়েই দিতে হচ্ছে এই দায়িত্ব। আগামী মার্চে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাই জিম্বাবুয়ের হয়ে শেষ অভিযান ৫৮ বছর বয়সী এই কোচের।