হাইকোর্টের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদের আনা সংশোধনীকে অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর কাল স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার বিচারপতি। একই সঙ্গে ৭ ফেব্রুয়ারি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। এই সময়ে আবেদনকারীদের নিয়মিত লিভ টু আপিলও করতে বলা হয়েছে।২০১২ সালে বিসিবির গঠনতন্ত্রে দুবার সংশোধনী আনা হয়। প্রথম গঠনতন্ত্রটি ছিল বিসিবির সাধারণ সভায় অনুমোদিত এবং জাতীয় ক্রীড়া পরিষদও সেটি অনুমোদন করে। কিন্তু বিসিবিতে অনির্বাচিত অস্থায়ী কমিটি আসার পর সেই অনুমোদিত গঠনতন্ত্রে বিতর্কিত কিছু পরিবর্তন আসে এবং গত ২৯ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ সেটি বিসিবিতে পাঠায়। উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো—সুপার লিগের ক্লাবগুলো থেকে বিসিবিতে দুজন করে কাউন্সিলর, এক জেলা ক্রীড়া সংস্থা থেকে অন্য জেলার লোকের কাউন্সিলর হওয়ার সুযোগ তৈরি ও পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি নির্বাচন। বিতর্কিত এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল গত ডিসেম্বরে রিট আবেদন করেন।প্রাথমিক শুনানির পর গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন এবং সংশোধিত গঠনতন্ত্রের ওপর স্থগিতাদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে গত রোববার বিসিবির সংশোধিত গঠনতন্ত্রকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। কিন্তু কাল জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবি রায়ে স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে চেম্বার বিচারপতি ওই স্থগিতাদেশ দেন।আদালতে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। বিসিবির পক্ষে ছিলেন: আইনজীবী রফিক-উল হক, শেখ ফজলে নূর তাপস ও মো. মেহেদী হাসান চৌধুরী। মূল রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের ওপর চেম্বার বিচারপতি আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। ওই দিন বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। রায়ের অনুলিপি পাওয়া গেলে এই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করা হবে।