হাইতির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি, রোনালদো, ক্যাসিয়াস, ভিয়া, জাভি, ইনিয়েস্তা...ফুটবলবিশ্বের সব বড় বড় তারকা। কিন্তু তাঁদের ছাপিয়ে পরশু জুরিখের অনুষ্ঠানে অন্তত একটা মুহূর্তের জন্য সবচেয়ে উজ্জ্বল হয়ে গেলেন হায়ানা জ্যঁ ফ্রাঙ্কোইস। হাইতির অনূর্ধ্ব-১৭ মহিলা দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হলো ফিফা ফেয়ার প্লে পুরস্কার। দিন শেষে শুধু মেসি-মার্তার নয়, জয় হলো ফ্রাঙ্কোইসদেরও। জয় হলো মানবতার।আজ থেকে ঠিক এক বছর আগে, ২০১০ সালের ১২ জানুয়ারি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয় হাইতি। ওই ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ। আহত হয় তিন লাখ। গৃহহীন হয়ে পড়ে ১০ লাখেরও বেশি।ভূমিকম্পের সময় হাইতির অনূর্ধ্ব-১৭ মহিলা দল অনুশীলন করছিল রাজধানী পোর্ট অ প্রিন্সের জাতীয় স্টেডিয়ামে। অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের বাছাইপর্বের খেলা ছিল তাদের। স্টেডিয়াম থেকে মাত্র ১৫ মাইল দূরে তখন ধ্বংসযজ্ঞ।মহা প্রলয়ের ওই সময়টায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছিলেন ফুটবলাররা। তাঁদের কোচ, পিতৃতুল্য জ্যঁ-ভেস লাবাজ তখন ফুটবল সংস্থার সদর দপ্তরে বৈঠক করছিলেন। সেখানেই দেয়ালচাপা পড়ে নিহত হন লাবাজ।শুধু লাবাজকেই নয়, দলের প্রত্যেক ফুটবলার আক্ষরিক অর্থেই হারিয়েছেন তাঁদের পরিবার-স্বজনদের। গোলরক্ষক আলেকজান্দ্রা কোবি যেমন হারিয়েছেন পরিবারের সবাইকেই।এই পরিস্থিতিতে ২০১০ অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের বাছাইপর্ব না খেলারই কথা ছিল তাঁদের। না খেললে ফিফা জরিমানাও করত না। কিন্তু ওই ফুটবলারদের যে আশ্রয় বলতে ছিল কেবল একটাই জিনিস—ফুটবল! বেদনাকে বুকে বেঁধে, শোককে শক্তি বানিয়ে তাঁরা অনুশীলন চালিয়ে গেছেন। ডমিনিকান রিপাবলিক আর পানামা তাঁদের দিয়েছে অনুশীলনের সুবিধা। তাঁদের জাতীয় স্টেডিয়াম তো তখন দুর্গতদের আশ্রয়কেন্দ্র। না, শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে হাইতি উঠতে পারেনি। কিন্তু যে প্রেরণা, যে সাহস এই দলটি দেখিয়েছে, পরশুর অনুষ্ঠানে ফিফা দিল তারই স্বীকৃতি। আরও একবার প্রমাণিত হলো, ফুটবল শুধু খেলা নয়, খেলার চেয়েও বেশি কিছু! ওয়েবসাইট।