হাইপ তো তুলছে মিডিয়া আর স্পনসররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এই ম্যাচ ঘিরে এমন উন্মাদনা, রাজনীতি-টাজনীতিও যোগ হয়ে যাচ্ছে...এটাকে কীভাবে দেখছেন?মহেন্দ্র সিং ধোনি: আমরা এসব পাত্তাই দিচ্ছি না। বিশ্বকাপ সেমিফাইনাল খেলছি, আমাদের সব ভাবনা সেটি নিয়েই। সেমিফাইনাল বলে আলাদা কিছু করছি, তা-ও না। সব ম্যাচের জন্যই একই রকম প্রস্তুতি নেওয়া উচিত। আমরা তা-ই নিচ্ছি। কিন্তু এই ম্যাচ দেখতে দুই দেশের প্রধানমন্ত্রী আসছেন। এই ম্যাচ নিয়ে যে হাইপ, তা তো এটিকে শুধুই একটা ক্রিকেট ম্যাচ থাকতে দিচ্ছে না...ধোনি: এটা নির্ভর করে হাইপ বলতে আপনি কী বোঝাচ্ছেন। হাইপ তো তৈরি করছে মিডিয়া আর স্পনসররা। আমরা এসব গায়ে মাখছি না। আমাদের কী করা উচিত, তা আমরা জানি। আর ভারতীয় ক্রিকেট তো এমনই, এটা নতুন কিছু নয়। খেলা দেখতে গণ্যমান্য যাঁরা আসছেন, তাঁরা খেলা উপভোগ করতেই আসছেন। তা হলে কি ব্যাপারটা এভাবে দেখছেন, এটা বিশ্বকাপ সেমিফাইনাল, ঘটনাচক্রে প্রতিপক্ষ পাকিস্তান?ধোনি: বলতে পারেন। হাইপ বলুন বা প্রেশার—এটা নিয়ে চিন্তা করলে কি তা পারফরম্যান্স ভালো করতে সাহায্য করবে? আমি যা বুঝি, যা সাহায্য করবে না, সেটিকে পাত্তাই দিও না। আমরা শুধু ক্রিকেটেই আছি, চারপাশে যা হচ্ছে, তা মাথায়ই ঢুকতে দিচ্ছি না। কিন্তু এটা বলা যত সহজ, করা তো তা নয়, তাই না?ধোনি: হ্যাঁ, কঠিন। তবে টুর্নামেন্ট তো এখন শেষ পর্যায়ে, ৩০-৩৫ দিন হয়ে গেল। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। ভারত-পাকিস্তান ম্যাচে হারলে তো দুই দেশের নানা কাণ্ডকীর্তি শুরু হয়ে যায়। এ নিয়ে কী ভেবেছেন?ধোনি: ম্যাচের রেজাল্ট হোক, তখন এই প্রশ্নের উত্তর দেব। শহীদ আফ্রিদি তো এই বিশ্বকাপে খুব ভালো বোলিং করছেন। ওকে সামলানোটা তো বড় চ্যালেঞ্জ, তাই না?ধোনি: ও সত্যি খুব ভালো বোলিং করছে। ওর প্রথম ১৫০ উইকেট পেতে কত ম্যাচ লেগেছে আর পরের ১৫০ উইকেট পেতে কত ম্যাচ—এটা দেখলেই উন্নতিটা বোঝা যায়। আফ্রিদিই ওদের মূল বোলার। তবে ব্যাটিং করার সময় বোলার কে, সেটা মাথায়ই রাখা উচিত নয়। বল বুঝে খেলাটাই আসল। বিশ্বকাপের সেমিফাইনাল, তার ওপর প্রতিপক্ষ পাকিস্তান—এটাই কি আপনার অধিনায়কত্ব ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ?ধোনি: আমি তুলনায় বিশ্বাস করি না। একজন ক্রিকেটারের ক্যারিয়ারে কত কিছুই তো আসতে পারে। হয়তো আজ এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ফেললাম, কিছুদিন পর হয়তো একটা দ্বিপক্ষীয় সিরিজের কোনো ম্যাচ বা টেস্ট ম্যাচের আগে আবার মনে হলো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবে তাই না বলাই ভালো। ব্যাটিংয়ে যে ভালো করছেন না, সেটির কারণ কি অধিনায়কত্বের চাপ?ধোনি: ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই। আমি ভালোই ব্যাটিং করছি। ভারতে খেলা হলে যা হয়, টপ অর্ডার ভালো করলে পাঁচ-ছয় নম্বরে নেমে খুব বেশি কিছু করার থাকে না। গত ম্যাচে (অস্ট্রেলিয়া) সুযোগ ছিল, কিন্তু সব সময় তো নিজের চাওয়ামতো সব হয় না। আমি পারিনি, তবে রায়না-যুবরাজ দারুণভাবে ম্যাচ শেষ করেছে। অধিনায়কত্বের চাপ কি তা হলে আপনি একদমই অনুভব করেন না?ধোনি: আমি তো বলব, এটা দারুণ একটা সম্মান। প্রেশারের কথা বেশি ভাবলে তো আপনি প্রেশার কুকার হয়ে যাবেন! ক্যাপ্টেনসিকে চাপ হিসেবে নিলেই চাপ আরও বাড়বে, এর চেয়ে সম্মান হিসেবে নেওয়াই ভালো। বিশেষ করে এমন প্রতিভাসমৃদ্ধ একটা দল, এই দলকে নেতৃত্ব দেওয়ার চেয়ে সম্মানের আর কী হতে পারে! ম্যাচটাকে অনেকে বলেছে ভারতীয় ব্যাটিং বনাম পাকিস্তানি বোলিং। পাকিস্তানের বোলিং সম্পর্কে আপনি কী বলেন?ধোনি: ভেরি গুড বোলিং অ্যাটাক। জোরে বোলার আছে, স্পিনাররাও ভালো করছে। পার্টটাইম স্পিনাররাও ভালো। টিপিক্যাল উপমহাদেশীয় বোলিং। এখানে অফ স্পিনার বা বাঁহাতি স্পিনাররা পার্ট টাইমার হিসেবে খুব কাজে আসে। ওদের দলে আফ্রিদি ও রাজ্জাকের মতো বোলিং অলরাউন্ডার থাকায় ওরা পাঁচজন বোলারও খেলাতে পারছে। এই ম্যাচটাকে অনেকে ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন সূচনা বলে দেখছেন। খেলা ছাড়িয়ে এটার কি তাই অন্য তাৎপর্য হয়ে যাচ্ছে?ধোনি: কাউকে না কাউকে তো হারতেই হবে। ৩০ তারিখে একটা দল ফাইনালে চলে যাবে, আরেকটি বাইরে। সব খেলাতেই তা-ই। রাজনৈতিক ডামাডোল বা অন্য যা-ই কিছু হচ্ছে, গত ৩০-৩৫ দিন আমরা ও সবের কোনো খবরই রাখছি না। আমরা কেউ টেলিভিশন দেখি না, এটা খুব কাজে এসেছে। এটা মনোসংযোগে বিঘ্ন ঘটাচ্ছে কি না?ধোনি: এ নিয়ে ভাবলে তো ঘটবেই। আমার কাজ হলো ক্রিকেট খেলা। আমি সেটিই করছি। দলও তা-ই করছে। অন্য কিছু আমাদের মাথায় নেই।