হাওয়ায় উড়ছেন বারতোলি

বেচারা জন ইনভারডেল! মুখ ফসকে বলে ফেলা এক কথার কারণে বড় বিড়ম্বনায় পড়েছেন। সদ্য উইম্বলডন জেতা মারিওন বারতোলিকে নিয়ে নিজের অনুষ্ঠানে একটা অশোভন মন্তব্য করেছিলেন বিবিসির এই উপস্থাপক। সেই মন্তব্যের প্রতিক্রিয়া এত বাজে হলো যে শেষ পর্যন্ত বিবিসি ক্ষমা চেয়েছে শ্রোতাদের কাছে। পরশু উইম্বলডনের ফাইনালে জার্মানির সাবিনা লিসিকিকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জিতেছেন বারতোলি। টেনিসের উন্মুক্ত যুগে কোনো সেট না হেরে উইম্বলডন জেতা ষষ্ঠ খেলোয়াড় তিনি। ফাইনালের পরেই বিবিসি রেডিওর এক অনুষ্ঠানে বারতোলির এই দারুণ কীর্তির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইনভারডেল। কিন্তু একই সঙ্গে হঠাৎ বলে বসেন, ‘বারতোলির বাবা তাঁকে ছোটবেলায় কী বলেছিল জানেন? বলেছিল, তুমি তো দেখতে সুন্দর নও তাই কখনো শারাপোভা হতে পারবে না। তোমাকে সবকিছু অর্জন করতে হবে লড়াই করে।’
স্রেফ মজা করে বলা এই কথাটার প্রতিক্রিয়া কিন্তু ভালো হয়নি শ্রোতাদের মাঝে। বিশেষ করে প্রিয় তারকার চেহারা নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেননি বারতোলি-ভক্তরা। এটা বুঝতে পেরেই কিনা অনুষ্ঠান প্রচারিত হওয়ার কিছুক্ষণ পরই ইনভারডেলের এমন মন্তব্যের জন্য বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে বিবিসি, ‘আমরা স্বীকার করছি মন্তব্যটা অসংযত হয়েছে এবং এর জন্য আমরা ক্ষমা চাইছি।’
যাঁকে নিয়ে এত কাণ্ড সেই বারতোলির অবশ্য এসব নিয়ে মাথাব্যথা নেই মোটেও। জন ইনভারডেলের করা মন্তব্যটা পৌঁছেছে ২৮ বছর বয়সী ফরাসি-কন্যার কানেও। কিন্তু ফাইনালে লিসিকির জোরালো সার্ভ যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন এটাও ফেরালেন সেভাবেই, ‘এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি সুন্দরী নই, এটাই সত্যি। কিন্তু মডেল হওয়া তো আমার স্বপ্ন নয়। আমার স্বপ্ন ছিল উইম্বলডন জেতা।’
স্বপ্ন সত্যি হয়েছে। তাঁর চেহারা নিয়ে কে কী বলল সেদিকে কান দেওয়ার এখন সময় কোথায় বারতোলির? তিনি তো প্রাপ্তির আনন্দটা উপভোগ করেছেন নিজের মতো করে, ‘অনেক দুঃখ, কান্না আর খারাপ সময়ের মধ্যে যেতে হয়েছে আমাকে। অবশেষে এটা সম্ভব হলো। খেলা শেষে যখন আমি প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাচ্ছিলাম, তখন ৫-১০ সেকেন্ডের জন্য আমার মনে হলো আমি মাটিতে নেই, আকাশে উড়ছি।’ ওড়াটা থামার পরে মাটিতে নেমেই হয়তো সংবিৎ ফিরবে বারতোলির, সাফল্যের সরণিতে সবে ফেলা হলো পা। তাঁকে পেরোতে হবে আরও কয়েকটি সিঁড়ি! এএফপি।