হাওয়ার্ডের প্রেসিডেন্ট হতে শ্রীলঙ্কার আপত্তি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ক্রমেই পিছিয়ে পড়ছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের পর গতকাল হাওয়ার্ডের প্রেসিডেন্ট মনোনয়ন নিয়ে আপত্তির কথা জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ক্রিকেটে জ্ঞান নেই এমন কাউকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান করা যায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সোমাচন্দ্র ডি সিলভা।আইসিসির চক্রাকার নীতির কারণে, এবার অস্ট্রেলিয়া থেকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। দুই বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর নির্বাচিত ব্যক্তি ২০১২ সাল থেকে আইসিসির প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। এ পদে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে হাওয়ার্ডকে। তবে আইসিসির দায়িত্ব পেতে হলে হাওয়ার্ডকে টেস্ট খেলুড়ে ১০টি দেশের মধ্যে কমপক্ষে সাতটি ভোট পেতে হবে। এরই মধ্যে তিনটি দেশ হাওয়ার্ডের মনোনয়নের বিরোধিতা করেছে। আর একটি দেশ বিরোধিতা করলে আইসিসির প্রেসিডেন্ট হওয়া হবে না হাওয়ার্ডের!শ্রীলঙ্কার অভিযোগ, রাজনৈতিক জ্ঞান থাকলেও, ক্রিকেটে জ্ঞান নেই হাওয়ার্ডের। রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে সোমাচন্দ্র ডি সিলভা বলছেন, ‘ক্রিকেটের বাইরের কাউকে এ পদে সমর্থন দেওয়া অনৈতিক। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের পক্ষে যাঁকেই মনোনয়ন দেওয়া হোক, তাঁকে অবশ্যই ক্রিকেটের সঙ্গে জড়িত থাকতে হবে।’ক্রিকেটীয় জ্ঞান নিয়ে প্রশ্ন উঠলেও হাওয়ার্ডের সঙ্গে শ্রীলঙ্কার বিবাদ অবশ্য নতুন নয়। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী থাকাকালীন শ্রীলঙ্কার তারকা স্পিনার মুত্তিয়া মুরালিধরনের বোলিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাওয়ার্ড। এর পর থেকে হাওয়ার্ড যেন শ্রীলঙ্কার চক্ষুশূল। গত মাসে হাওয়ার্ডের মনোনয়ন নিয়ে যখন কথা উঠেছিল, তখন মুরালিধরন জানিয়েছিলেন, হাওয়ার্ডকে ক্ষমা করে দিয়েছেন তিনি। ডি সিলভাও গত মাসে এক সাক্ষাত্কারে হাওয়ার্ডকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছিলেন। তবে হাওয়ার্ডের প্রতি লঙ্কানদের ক্ষোভ যে এখনো যায়নি তা আরেক ফুটে উঠল আইসিসির প্রেসিডেন্ট পদে তাঁর মনোনয়নের বিরুদ্ধে শ্রীলঙ্কার বিরোধিতার মাধ্যমে।