হাঙর বনাম ফেল্পস্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেবারে হইচই ফেলে দিয়েছে ট্রেলারটি। ট্রেলার না বলে বিজ্ঞাপন বলাই ভালো। পানিতে হাঙরের সঙ্গে মাইকেল ফেল্‌পসের গতির লড়াইয়ের বিজ্ঞাপন। প্রথমে দেখানো হয় আমেরিকান সাঁতারুকে। পানি ফুঁড়ে সদর্পে শরীরের কোমর অবধি ওপরে তুলেছেন। এরপর সাঁতরাচ্ছেন পুলে। আর গ্রেট হোয়াইট জাতের এক হাঙর শিকারির ভঙ্গিতে সিল শিকার করে পানি থেকে লাফিয়ে শূন্যে উঠেছে। ‘শার্ক সপ্তাহ’ উপলক্ষে ভয়ংকর জলজ প্রাণীটির সঙ্গে ফেল্‌পসের পানিতে গতির এই প্রতিযোগিতার আয়োজন করেছে ডিসকভারি চ্যানেল। শিরোনাম—‘ফেল্‌পস্‌ বনাম হাঙর: সমুদ্রে শ্রেষ্ঠত্বের লড়াই’!

২৩ জুলাই হতে যাওয়া পানিতে গতির এই লড়াইয়ের চটকদার বিজ্ঞাপনটি নিয়ে বেশ কৌতূহল ক্রীড়াপ্রেমীদের। কীভাবে হবে জলদানবের সঙ্গে ‘জলমানবে’র প্রতিদ্বন্দ্বিতা? ২০০০ পাউন্ড ওজনের ভয়ংকর এই হাঙরের সঙ্গে পানিতে পাশাপাশি সাঁতরাবেন ফেল্‌পস্‌? জয় হবে কার? এমন প্রশ্ন মাথার মধ্যে ঘোরাটাই স্বাভাবিক।

মানুষের মনে প্রতিযোগিতাটি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি করাই আয়োজক ডিসকভারি চ্যানেলের চাওয়া! চ্যানেলটি এই প্রতিযোগিতার বিষয়টি প্রথম জানায় এমন বিবৃতি দিয়ে—‘হাঙর: এই গ্রহের অন্যতম দ্রুততম এবং সবচেয়ে নিপুণ শিকারি। মাইকেল ফেল্‌পস্‌: জলে আমাদের গ্রেটেস্ট চ্যাম্পিয়ন। যাঁর দখলে ৩৯টি বিশ্ব রেকর্ড, ২৩টি অলিম্পিক সোনা। কিন্তু এখনো তাঁর একটি প্রতিযোগিতা জেতা বাকি। এটা এত বড় একটা ইভেন্ট যে আগে কখনো কেউ তা করার চেষ্টাও করেনি।’

গত মাসে ইনস্টাগ্রামে ফেল্‌পস্‌ একটা পোস্ট দিয়েছিলেন: পানিতে একটা হাঙর ভেসে বেড়ানোর ছবি। পাশে একটা খাঁচার মতো। ছবিটির নিচে লিখেছেন দুটি বাক্য—‘সব সময় আমি যা করতে চেয়েছি, এবার সেটা করার সুযোগ হলো। খাঁচার মধ্যে থেকে সাদা হাঙরের সঙ্গে ডাইভ দিলাম।’

অনুমান করা যেতে পারে, খাঁচার ভেতরে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন হাঙরের সঙ্গে। আসলেই কি তা-ই! মার্কা, ইসএপিএন, বিবিসি।