হাঙরের কামড়ে পঙ্গু হয়ে লড়বেন হাঙর বাঁচাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙরের কারণে ডান পা হারিয়েছেন হাসিম। ছবি: এএফপি
হাঙরের কারণে ডান পা হারিয়েছেন হাসিম। ছবি: এএফপি

এক পা নিয়েও কী করে এত দ্রুত সাঁতরান আসমত হাসিম? কৌশলটা নাকি খুব সহজ। যখনই পানিতে ঝাঁপিয়ে পড়েন, কল্পনা করে নেন, তাঁর পেছনে তাড়া করছে এক ভয়ালদর্শন হাঙর। জীবন বাঁচানোর তাগিদ নিয়েই তাই সাঁতরান।
দক্ষিণ আফ্রিকার এই সাঁতারু ঠিক ১০ বছর আগে হাঙরের কবলে পড়েছিলেন। লাইফগার্ডের প্রশিক্ষণ নেওয়ার সময় কেপটাউনের সৈকতে সাড়ে চার মিটার লম্বা একটি হাঙর আক্রমণ করেছিল। বাকিরা এসে তাঁকে উদ্ধার করলেও ডান পা রক্ষা করতে পারেননি।
অন্য কেউ হলে হয়তো ভেঙেই পড়ত। কিন্তু সেখান থেকেই জীবনের নতুন প্রেরণা খুঁজে নিয়েছেন হাসিম। সাঁতার বন্ধ করেননি। দক্ষিণ আফ্রিকার পতাকা নিয়ে আবারও এসেছেন রিও প্যারালিম্পিকে। এটাই তাঁর তৃতীয় ও শেষ প্যারালিম্পিক। এরপর নতুন এক অভিযানে নামবেন। আশ্চর্যের বিষয় হলো, যে হাঙর তাঁকে পঙ্গু বানিয়ে দিয়েছে, সেই হাঙর বাঁচানোর লড়াইয়েই নামছেন হাসিম।
হাঙরের প্রতি তাঁর রাগ নেই। বরং মানুষ যে নির্বিচারে হাঙর শিকার করে করে প্রাণীটিকে বিপন্ন করে তুলেছে, এ নিয়েই ক্ষোভ। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে চান। যোগ দিতে চান সক্রিয় হাঙর বাঁচাও আন্দোলনে।
২০০৬ সালের ১৩ আগস্ট তখনকার ২৪ বছর বয়সী হাসিম তাঁর ভাই তারিকসহ লাইফগার্ড অনুশীলনে বিপদে পড়া মানুষের ভূমিকায় অভিনয় করছিলেন। এ ধরনের ড্রিলে তা-ই করা হয়। একজন মিথ্যা মিথ্যা বিপদে পড়েন। তাঁকে উদ্ধার করা হয়। এভাবেই চলে প্রশিক্ষণ। কে জানত অভিনয়টাই সত্যি হয়ে যাবে। প্রায় সাড়ে ১৫ ফুট লম্বা একটা সাদা হাঙর এ সময় সত্যিই আক্রমণ করে বসে তাঁকে। ডান পায়ে কামড় দিয়ে হাঙরটা তাঁকে গভীর পানিতে টেনেও নিয়ে যায়। সেখান থেকেই বেঁচে ফিরেছেন।
সেদিন হাসিমের বুদ্ধিতে বেঁচে গিয়েছিলেন তাঁর ভাই। ভাইকে বাঁচাতে তিনিই নিজেকে ঠেলে দিয়েছিলেন হাঙরের মুখে। অন্যের প্রতি এই ভালোবাসা এবার হাঙরের জন্যই উৎ​সর্গ করছেন হাসিম। পৃথিবীজুড়ে বিপন্ন প্রাণীর তালিকায় আছে এই হাঙর। প্রতিবছর প্রায় ১০ কোটি হাঙর মারা যায় মানুষের হাতে।
গত বছর জাতিসংঘ তাঁকে গ্লোবাল শার্ক গার্ডিয়ান ঘোষণাও করেছে। হাঙরের মুখ থেকে বেঁচে ফেরা হাসিম বলছেন, ‘হাঙরের কারণে মানুষ মারা গেলে খবরের শিরোনাম হয়, কিন্তু মানুষের কারণে তো কয়েক হাজার গুণ বেশি হাঙর মারা যাচ্ছে।’
হাঙর তাঁকে নতুন জীবন, নতুন প্রেরণা দিয়েছে। এর জন্যই কৃতজ্ঞ শার্ক বয় বা শার্কি ডাকনামে পরিচিত এই সাঁতারু, ‘ওদের কাছ থেকে যতটা পেয়েছি, তার কিছু এবার শোধ করে দিতে চাই।’