হাঙরের সঙ্গে সাঁতরে ২ সেকেন্ডে হারলেন ফেল্প্স

মানব সম্প্রদায়ের কেউ তো পেরে উঠল না। মাইকেল ফেল্প্সের তাই বুঝি শখ হলো জলের প্রাণীর সঙ্গে লড়াইয়ে নামার। হাঙরের সঙ্গে সাঁতরালেন সর্বকালের সফলতম অলিম্পিয়ান। কিন্তু অল্পের জন্য জলের দানবের কাছে হেরে গেছেন পুলের রাজা।
গত মাসে ২৮টি অলিম্পিক পদকজয়ী ফেল্প্স সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হোয়াইট শার্ক’ বা শ্বেত হাঙরের সঙ্গে লড়াইয়ের কথা জানিয়েছিলেন। সেটিই হয়ে গেল গতকাল। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছিল ‘গ্রেট গোল্ড বনাম গ্রেট হোয়াইট’। তাতে মাত্র ২ সেকেন্ডের জন্য জিততে পারেননি ফেল্প্স। দক্ষিণ আফ্রিকার উন্মুক্ত সমুদ্রে ১০০ মিটার সাঁতারে তিনি সময় নিয়েছেন ৩৮.১ সেকেন্ড। হাঙরের সে জায়গা অতিক্রম করেছে ৩৬.১ সেকেন্ডে।
ফেল্প্সকে অবশ্য সাঁতারতে হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পানিতে। আর শ্বেত হাঙরের বাসই তো হিমশীতল জলে। নিজের সেরা সময়ে যেখানে ফেল্প্সের গতি উঠেছে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার, সেখানে শ্বেত হাঙর ছুটতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে। মানবিক এই সীমাবদ্ধতা থাকার পরও একটা ‘মোনোফিন’ ব্যবহার করে দুর্দান্ত লড়াই করেছেন ফেল্প্স।
সত্যিই কি শ্বেত হাঙরের সঙ্গে পাশাপাশি লড়েছেন ফেল্প্স? নিরাপত্তার কারণে সেটা অবশ্য করা যায়নি। সাঁতার হয়েছে ভিন্ন দুই সময়ে। সম্পাদনা করে সাঁতারের দুটি ভিডিও পরে জোড়া লাগানো হয়েছে—যা পরে প্রচারিত হয় ডিসকভারি চ্যানেলে।
দানবের সঙ্গে মানবের হার হয়েছে, তবুও হারটা কিন্তু মানতে পারছেন না ফেল্প্স! ৩২ বছর বয়সী পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন, ‘পুনরায় ম্যাচ হবে? সামনে...উষ্ণ জলে।’
হাঙরকে বোধ হয় হারিয়েই ছাড়বেন ফেল্প্স। সূত্র: বিবিসি ও নিউজ.কম।