হাঙ্গেরিতে আতঙ্কে ছিলেন ইসরায়েলি ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঙ্গেরিতে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে ফুটবলারদের নিরাপত্তাহীনতার আতঙ্কে ভুগতে হয়েছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের কোচ ইলি গুটম্যান। গতকাল দেশে ফেরার পর সাংবাদিকদের কাছে এ কথা জানান ইসরায়েলি এই কোচ। তবে কোনো ধরনের নিরাপত্তাজনিত দুর্বলতা হাঙ্গেরির ছিল না বলে জানিয়েছেন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। গত বুধবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।গতকাল দেশে ফিরে ইসরায়েলের জাতীয় ফুটবল দলের কোচ ইলি গুটম্যান সাংবাদিকদের জানান, সেখানে নিরাপত্তাজনিত আশঙ্কার কথা বুদাপেস্টে নিয়োজিত ইসরায়েলি রাষ্ট্রদূতদের জানানো হয়েছিল। তিনি বলেন, ‘আমি জানি না ইসরায়েলে এ ব্যাপারে কেউ বেশি কিছু জানে কি না, কিন্তু সেখানে একটা সম্ভাব্য হামলার সতর্কবার্তা বেশ কয়েকবারই ছিল।’ তবে এর বেশি কিছু বলেননি ইসরায়েলি কোচ।গত বুধবারের হাঙ্গেরি বনাম ইসরায়েলের ম্যাচটি চলার সময় কোনো নিরাপত্তাজনিত সমস্যার কথাও উল্লেখ করতে পারেননি গুটম্যান। বুদাপেস্টের পুলিশের ভাষ্যমতেও এমন কোনো আতঙ্ক বা হামলার আশঙ্কা একেবারেই ছিল না। পুলিশের মুখপাত্র বেটিনা কোভাস্ক বলেছেন, ইসরায়েলি ফুটবলারদের ওপর কোনো সন্ত্রাসী হামলার আশঙ্কা ছিল না। তবে ইসরায়েলি ফুটবল দলকে স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি কৌশলের আশ্রয় নিয়েছিল হাঙ্গেরির পুলিশ। ম্যাচটি শেষ হওয়ার পর পুরো স্টেডিয়াম ফাঁকা করে দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল ইসরায়েলি খেলোয়াড়দের। তাঁদের কিছুটা সামনে একটি বাস রাস্তায় সাইরেন বাজাতে বাজাতে এমনভাবে হোটেল পর্যন্ত গিয়েছে, যেন সবার মনে হয়, এটাতেই সফরকারী দেশের খেলোয়াড়েরা যাচ্ছেন। হয়তো হাঙ্গেরিয়ান পুলিশ এই বাড়তি কৌশলটুকু প্রয়োগ করেছিল সাম্প্রতিক একটি ঘটনার জন্য। গত মাসেই পূর্ব ইউরোপের আরেকটি দেশ বুলগেরিয়ায় একটি বাসে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল পাঁচজন ইসরায়েলি পর্যটককে।ইসরায়েলি ক্রীড়াবিদদের ওপর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে। সেবার ১১ জন অ্যাথলেট, কোচ ও বিচারককে হত্যা করা হয়েছিল।— রয়টার্স