হাজতে বন্দী সোনাজয়ী অ্যাথলেট

নায়ক থেকে জাতির কাছে ‘খলনায়ক’ বনে গেছেন হার্ডলার মাহফুজুর রহমান মিঠু। ২০০৬ কলম্বো এসএ গেমসে সোনা জিতেছিলেন ১১০ মিটার হার্ডলসে। নোয়াখালী থেকে উঠে আসা অ্যাথলেট ওই বছরই জিতেছিলেন গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা রানারআপ পুরস্কার। সরকার তাঁকে দিয়েছিল ৫ লাখ টাকা পুরস্কার।
এই মিঠুই কিনা বিদেশে পলাতক জীবন বেছে নিয়ে দেশকে লজ্জায় ডুবিয়েছিলেন! আট বছর আগে ইতালিতে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলতে গিয়ে আর দেশেই ফেরেননি বিমানবাহিনীর অ্যাথলেট। তিন বছর আগে ক্যানসারে ভুগে মারা যান তাঁর মা সায়েদা ভানু। কিন্তু মাকেও শেষ দেখাটা দেখতে পারেননি। অবশেষে ৫ নভেম্বর দেশে ফিরেই আত্মসমর্পণ করেছেন কিন্তু তাঁকে আটকে রাখা হয়েছে তাঁর সর্বশেষ কর্মস্থল চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটির হাজতে।
বেশ কিছুদিন ধরে দেশে ফেরার তাড়া অনুভব করছিলেন মিঠু। তাঁর ভাগনি মাহমুদা ইয়াসমিনের কাছে প্রায়ই ফোন করতেন। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের চিকিৎসক মাহমুদা কাল মুঠোফোনে বলছিলেন, ‘মামা মাস খানেক আগে ফোন করে বলছিলেন, আমি দেশে ফিরতে চাই। বিদেশে আর ভালো লাগছে না। আমি আবার দেশের হয়ে খেলতে চাই। আমাকে ফেডারেশন যদি সুযোগ করে দেয় তাহলে এসএ গেমসে খেলব। আমি সবার কাছে ক্ষমা চাইব।’
কিন্তু চাইলেই তো আর ট্র্যাকে নামা সম্ভব নয়। প্রতিরক্ষা বাহিনীর পোশাক গায়ে নিয়ম ভেঙেছেন মিঠু। এ জন্য তাঁর কোর্ট মার্শাল হবে। এমনটাই জানালেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন রফিকুল ইসলাম (অব.)। বিওএর প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটির সদস্যসচিব রফিকুল বললেন, ‘মিঠুকে কোর্ট মার্শালের মুখোমুখি হতে হবে এটা নিশ্চিত। তিন রকমের শাস্তির সম্ভাবনা আছে। প্রথমত জেল ও জরিমানা দুটিই হতে পারে। অথবা শুধু বিমানবাহিনীর ক্যাম্পের মধ্যে আটকে রাখা হতে পারে বা হালকা শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হতে পারে। অবশ্য রায়ের ওপরই ওর ভাগ্যটা নির্ভর করছে।’
এসএ গেমসে বাংলাদেশের হয়ে সর্বশেষ সোনাজয়ী এই অ্যাথলেটকে সঠিক নিয়ম মেনেই ট্র্যাকে ফেরাতে চান অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, ‘আত্মসমপর্ণের পর বিমানবাহিনীর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে তাকে। পরে দেখব তার জন্য কী করা যায়।’