হাড় কিপটুস নন ওয়েঙ্গার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেন ওয়েঙ্গার
আর্সেন ওয়েঙ্গার

কথাটা হয়তো অনেকই মানবেন না। তবে আর্সেন ওয়েঙ্গারের জোর দাবি, তিনি মোটেও হাড় কিপটুস নন। ফরাসি এই কোচ এখন এমন একটা যুগে আছেন, যেখানে কোচেরা দুই হাতে টাকা ওড়াচ্ছেন খেলোয়াড় কেনার পেছনে। আধা-তারকা ফুটবলাররাও এখন মিলিয়ন ডলারে বিকোচ্ছেন। অথচ সেইখানে ওয়েঙ্গার দলবদলের বাজারে সদাইপাতি করেন হাত টিপে! থিয়েরি অঁরি থেকে সেস ফ্যাব্রিগাস—অনেক তারকাকেই বেচেছেন ওয়েঙ্গার। কিনেছেন সামান্যই।
তাতে আর্সেনালকে কয়েক বছর ধরেই আর্থিকভাবে লাভজনক ক্লাব হিসেবে টিকিয়ে রেখেছেন হয়তো ভীষণ মন্দার সময়েও। কিন্তু শিরোপা-খরায় ভুগতে থাকায় অধৈর্য হয়ে পড়েছে ক্লাবের সমর্থকেরা। এই মৌসুমেও কেবল ইয়াইয়া সানোগো নামের এক খেলোয়াড়কে কিনেছে আর্সেনাল। ভেস্তে গেছে গঞ্জালো হিগুয়েইনকে কেনার প্রচেষ্টা। ভেস্তে যাওয়ার পথে লিভারপুল থেকে সুয়ারেজকে দলে ভেড়ানোর উদ্যোগটাও।
তার পরও কোনো আফসোসের চিহ্ন নেই ওয়েঙ্গারের কণ্ঠে। তবে কিপটে আখ্যা জোটায় কিছুটা অসন্তুষ্টই হয়েছেন গানার কোচ, ‘আমি খরচ করতে বাধা দিই, এই দৃষ্টিভঙ্গিটা ঠিক না। আমি কেন বাধা দেব? আপনার যতটুকু আছে, ততটুকুই খরচ করবেন। যেটা করার সামর্থ্য নেই, সেটা করবেন না। আমি শুধু এই ধারণাটাকেই সমর্থন করি। বছরের পর বছর ধরে আমি এটাই করে আসছি। আজ আমাদের হাতে বেশি টাকা আছে, ফলে আমরা সেটা খরচ করতে পারি। এটা খুবই সহজ ব্যাপার।’
সেই খরচটাও খুব যাচাইবাছাই করেই করতে চান ওয়েঙ্গার। শুধুই তারকাখ্যাতি দেখে নয়, বরং দলের উন্নতির জন্য প্রয়োজনীয় খেলোয়াড়কেই দলে ভেড়াতে চান, ‘যদি আমাদের মনে হয় যে, কোনো খেলোয়াড় দলটাকে আরও ভালো অবস্থায় নিয়ে যেতে পারবে, তাহলে আমরা বেশি টাকা খরচ করতে প্রস্তুত থাকব।’
তারকা খেলোয়াড় না কিনলেও বিগত কয়েক বছরে সামির নাসরি, সেস ফেব্রিগাস, রবিন ভন পার্সির মতো খেলোয়াড়কে বিক্রি করে দিয়েছে আর্সেনাল। এবারের দলবদলের মৌসুমে যে কাউকে বিক্রি করতে হয়নি, সেটাকেই একটা বড় অগ্রগতি বলে মনে করছেন এই ফরাসি কোচ, ‘বিগত বছরগুলোতে আমাদের অনেক ভালো প্রচেষ্টাই হাতছাড়া হয়ে গেছে। কারণ সেরা খেলোয়াড়রা ক্লাব ছেড়ে চলে গেছে অর্থনৈতিক কারণে। এ বছরই প্রথমবারের মতো তেমনটা হয়নি। আর ভবিষ্যতেও হবে বলে আমার মনে হয় না। এটাই আমাদের প্রথম ধাপ। এরপর আমরা সঠিক কিছু খেলোয়াড় কিনে আমাদের দলটাকে আরও শক্তিশালী করে তুলব।’