হাডিনের কাছে বয়স বাধা নয়
বয়স ৩৫ বছর সাত মাস চলছে। ক্রিকেটার হিসেবে ব্রাড হাডিনের বয়সটা যথেষ্টই। টেস্ট ক্রিকেটের বর্তমান উইকেটরক্ষকদের মধ্যে তিনিই বয়সে সবচেয়ে বড়।অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক ইয়ান হিলি টেস্ট থেকে অবসর নেন ৩৫ বছর বয়সে। অবসর নেওয়ার সময় অ্যাডাম গিলক্রিস্ট ও রড মার্শের বয়স ছিল ৩৬ বছর। ইংল্যান্ডের মাটিতে আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজের দলে জায়গা পাওয়া হাডিন মনে করেন, তাঁর কাছে বয়স কোনো বাধা নয়। বয়স ও অভিজ্ঞতাই আসন্ন অ্যাশেজে তাঁকে সবচেয়ে বেশি সহায়তা করবে বলে মনে করেন তিনি।ব্রিসবেনে গতকাল সোমবার সাংবাদিকদের হাডিন বলেন, ‘আপনার যত বয়স বাড়বে, তত বেশি আপনি খেলাটা বুঝতে পারবেন। এখানে অন্য যেকোনো ক্রিকেটারের চেয়ে ভালো অবস্থায় আছি আমি। আমার চ্যালেঞ্জ আরও ভালো কিছু করার। যখন মনে হবে, চ্যালেঞ্জটা নিতে পারছি না, বিদায় নেব আমি।’বর্তমানে হাডিন ছাড়া টেস্টে উইকেটরক্ষকদের মধ্যে ৩০ বছরের বেশি বয়সী আছেন কেবল দুজন—ইংল্যান্ডের ম্যাট প্রিয়র ও ভারতের মহেন্দ্র সিং ধোনি। দুজনের বয়সই ৩১ বছর। পাঁচ মাস আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে উইকেটকিপিং করেছেন ৩৩ বছর বয়সী প্রসন্ন জয়াবর্ধনে। তবে সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিরিজে জায়গা পাননি এই লঙ্কান ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বয়সে টেস্টে উইকেটকিপিং করেছেন ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার সময় তাঁর বয়স ছিল ৪০ বছর। সূত্র: ক্রিকইনফো।