হাত-পা নেই তো কী!
বয়স মাত্র ২৬। এক সন্তানের জনক। আরেক সন্তান আসছে। এ তো কেবল জীবনের শুরু! কিন্তু সেই শুরুতেই জীবনটা শেষ হয়ে যেতে বসেছিল ফিলিপ্পে ক্রইজোঁর। ১৯৯৪ সালে নিজের বাড়িতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন এই ফরাসি। ২০ হাজার ভোল্টের শকের পর অলৌকিকভাবে বেঁচে ফিরলেও দুই হাত, দুই পা—সবই হারাতে হয়। এ বেঁচে থাকা তো মৃত্যুরই সমার্থক!ক্রইজোঁর নিজেরও প্রথম প্রথম এমনই মনে হতো। কিন্তু না, সেখান থেকে জীবনের নতুন শুরু করেছেন। এগিয়ে গেছেন সব বাধা ডিঙিয়ে। জীবনের উত্তাল সমুদ্র সাঁতরে। আগের বাক্যটি আক্ষরিক অর্থেও নিতে পারেন। ক্রইজোঁ সত্যি সত্যিই হাত-পা ছাড়াই সাঁতরে পার হন সমুদ্র। ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম শারীরিক প্রতিবন্ধীর বিশ্ব রেকর্ডটা তাঁরই নামের পাশে।ক্রইজোঁর বয়স এখন ৪৩। এখনো নিত্যনতুন চ্যালেঞ্জের বড্ড নেশা তাঁর। এবার নামছেন নতুন এক অভিযানে। ক্রইজোঁ এবার সাঁতরে পাড়ি দিতে চান পাঁচটি মহাদেশ। এই সাঁতারে শারীরিক প্রতিবন্ধকতাই একমাত্র বাধা নয়, যাত্রাপথে আছে হাঙর, বিষাক্ত জেলিফিশ। আছে তীব্র ঠান্ডা স্রোত ও মালবাহী জাহাজ।এই লক্ষ্য পূরণ হলে নাম-খ্যাতি সবই হবে। কিন্তু ক্রইজোঁ শুধু নামের কাঙাল নন। বিশ্বের অসহায় পঙ্গু মানুষের কাছে জীবনের জয়গান পৌঁছে দেওয়ার পাশাপাশি আরও বড় লক্ষ্য নিয়েই এই দুঃসাহসিক অভিযানে নামছেন তিনি। ‘চ্যানেল পার হওয়া ছিল আমার মতোই দুর্ভাগা মানুষের কাছে আশা আর জীবনের বার্তা পৌঁছে দেওয়া। নতুন এই চ্যালেঞ্জ আমি নিচ্ছি প্রতিবন্ধীদের সঙ্গে সুস্থ-স্বাভাবিক মানুষের সহযোগিতা, সব বর্ণ, সংস্কৃতি আর প্রেক্ষাপটের মানুষের মধ্যে শান্তি, সংহতি গড়ে তোলার লক্ষ্যে’—বলেছেন ক্রইজোঁ। সংহতির এই মিশনে তাঁর সঙ্গে সাঁতরাবেন ৩৪ বছর বয়সী দূরপাল্লার সাঁতার চ্যাম্পিয়ন আরঁদ চেসারি। ধাপে ধাপে পাঁচটি মহাদেশের বিভিন্ন জায়গায় সাঁতরাবেন তাঁরা।এই অভিযানের স্বপ্ন তাঁর মনে বাসা বাঁধে ১৯৯৪ সালেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টিভিতে একটা প্রামাণ্যচিত্র দেখেছিলেন চ্যানেলের সাঁতারুদের ওপর। তখনই ক্রইজোঁ ঠিক করে ফেলেন, এই কাজ তাঁকেও করতে হবে। আর এখন এই অভিযানের প্রেরণা জোগান সেই সব মানুষ, যাঁরা তাঁর কাছে বার্তা পাঠান, ‘ক্রইজোঁ, আপনি আমাদের জীবনের নতুন প্রেরণা হয়ে এসেছেন।’ এএফপি।