হাত বাড়িয়ে দিয়েছেন ক্রো
সময়টা নিউজিল্যান্ডের খুব একটা ভালো যাচ্ছে না। বাংলাদেশের কাছ থেকে ৪-০ তে সিরিজ হারার পর আগামী বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্নটা তাদের দুলছে। ভাঙা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর প্রাণান্তকর যে প্রচেষ্টা নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) করছে, তাতে যোগ দিতে পারেন মার্টিন ক্রোও। অনেকেরই মতে নিউজিল্যান্ডের সর্বকালের সেরা এই ব্যাটসম্যান নিজে থেকেই বলেছেন, যে কোনো প্রয়োজনে তিনি তৈরি আছেন তাঁর সহায়তার হাত বাড়িয়ে দিতে।সব ধরনের ক্রিকেটেই নিউজিল্যান্ড ক্রিকেটারদের খেলা পর্যবেক্ষণ করার জন্য একটা কমিটি গঠন করেছে এনজেডসি। এই কমিটির প্রধান হিসেবে থাকছেন স্টিভেন বুক। পরামর্শক হিসেবে তাতে যোগ দিতে পারেন ক্রোও। ৭৭ টেস্টে ৫৪৪৪ রান করা এই ৪৮ বছর বয়সী জানিয়েছেন, বোর্ডের যে কোনো প্রয়োজনে তিনি প্রস্তুত, ‘ডাকা হলে আমি আনন্দ ও গর্বের সঙ্গেই সাড়া দেব।’টেকনিক ও ট্যাকটিকের দিক নিয়ে ক্রো ছিলেন অসাধারণ। কিউই ব্যাটসম্যানরা যখন রানের চাকা ঘোরাতে খাবি খাচ্ছে, সেই সময় সবচেয়ে ভালো দাওয়াই দিতে পারেন তিনিই। ১৫ বছর আগে খেলা ছাড়া এই ডানহাতি ব্যাটসম্যান অবশ্য জানালেন, এরই মধ্যে কেন উইলিয়ামসন, বিজে ওয়াটলিং, ড্যানিয়েল ফ্লিনদের সঙ্গে কাজ শুরুও করে দিয়েছেন। এই তরুণ ব্যাটসম্যানদের আরও সময় দেওয়ার আহ্বানও জানিয়েছেন নিউজিল্যান্ড কিংবদন্তি, ‘এদের আরও সময় দরকার। এটা খুবই স্বাভাবিক। কারণ খুব বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ এরা খেলেনি। আমার নিজেরই তো ৩০টার মতো ফার্স্ট ক্লাস ম্যাচ লেগেছিল আত্মবিশ্বাস জন্মাতে। এই তরুণদের কাছ থেকেও কিছু প্রত্যাশা করার আগে তাই সেই সময়টা দিতে হবে। ওদের সমান বয়সে আমি নিজেও তো অনেক সংগ্রাম করেছি। সে সময় আমাকে সাহায্য করেছিলেন অভিজ্ঞরা।’এই সময়ও দলের হাল সিনিয়রদেরই ধরতে হবে বলে মন্তব্য করেছেন ক্রো, ‘আশাকরব সিনিয়ররা এই সময়টায় দলকে এগিয়ে নিয়ে যাবে, এরই মধ্যে তরুণরা নিজেদের গড়ে তোলার সময়টুকু পাবে।’ ওয়েবসাইট।