হাত মেলাতে চাননি মেসি!

কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব আছে বলে শোনা যায়নি আগে। তবে কেন করমর্দন করলেন না ওঁরা দুজন? লিওনেল মেসির সঙ্গে হাত না মেলানোয় বেশ সমালোচনা শুনতে হচ্ছে রায়ো ভায়েকানোর মিডফিল্ডার রাউল বায়েনাকে। তবে ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বায়েনা জানিয়েছেন, তিনি নন, মেসিই সেদিন তাঁর সঙ্গে হাত মেলাতে অনাগ্রহী ছিলেন!
গত শনিবার রায়োর মাঠে হয়ে যাওয়া ম্যাচটার পর অবশ্য সবাই এমন অখেলোয়াড়সুলভ কাজের জন্য বায়েনাকেই দুষছিলেন। তবে রায়ো মিডফিল্ডার পুরোপুরি অস্বীকার করেছেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ, ‘আমি এ ব্যাপারটা পরিষ্কার করতে চাই। কারণ, অনেক সংবাদমাধ্যমে এসেছে আমিই নাকি মেসির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছি। কিন্তু সত্যিটা হচ্ছে, ওরা ছিল অতিথি এবং ওরাই আমাদের সামনে দিয়ে হাত মেলানোর জন্য হেঁটে যাচ্ছিল। আপনারা খেয়াল করলেই দেখবেন, আমার পক্ষ থেকে আমি আগ্রহ দেখিয়েছিলাম। কিন্তু ও (মেসি) আমাকে পেরিয়ে চলে যাচ্ছে দেখে আমি হাত ফিরিয়ে নিয়েছি।’
তবে ঘটনা যা-ই ঘটে থাকুক, এ নিয়ে আর খুব বেশি কথা বলতে আগ্রহী নন বায়েনা, ‘আমি জানি না, সে (মেসি) আমাকে খেয়াল করেনি, নাকি ইচ্ছা করে করেছে। তবে এ বিষয়ে আমি বেশি মনোযোগ দিতে চাই না। এটা খুবই তুচ্ছ একটি ঘটনা। আমি শুধু সবার কাছে ব্যাপারটা পরিষ্কার করতে চাই।’
ব্যাপারটা এত দূর গড়ানোর পেছনে আছে আরও একটি ঘটনা। ওই ম্যাচেই মেসিকে ফাউল করে হলুদ কার্ড দেখেছেন বায়েনা। মেসি হাত মেলাননি বলে ক্ষোভ থেকেই বায়েনা তাঁকে ফাউল করেছেন—দুয়ে দুয়ে চার মিলিয়ে এখন এমন সিদ্ধান্তেও পৌঁছাতে চাইছেন অনেকে। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই বলেই স্পষ্ট করলেন রায়ো মিডফিল্ডার, ‘এটা এমন একটা ফাউল, যা আমার আগে অনেক খেলোয়াড় অনেক ম্যাচে অনেকবার করেছে। রেফারি আমাকে হলুদ কার্ডও দেখিয়েছে। ব্যস, এর বেশি কিছু নয়।’ ওয়েবসাইট।