হাত মেলান বেশি করে!
ফুটবলে আসছে নতুন রীতি। শুরুতে তো বটেই, খেলোয়াড়দের এখন থেকে আনুষ্ঠানিক করমর্দন করতে হতে পারে ম্যাচ শেষেও। আর সেটা করতে হবে মাঝবৃত্তে দাঁড়িয়েই। এখনো কোনো আইন না হলেও এমনটাই করা উচিত বলে মনে করেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এই ধারণাটা এসেছে টাস্কফোর্স ফুটবল ২০১৪-এর বিশেষজ্ঞদের মাথা থেকে। খেলোয়াড়োচিত মানসিকতার উন্নতি ও ফুটবলের ভাবমূর্তি বাড়াতেই ২০১০ বিশ্বকাপের পর ফিফা গঠন করে এই টাস্কফোর্স। এই কমিটিরই চেয়ারম্যান বেকেনবাওয়ার। জার্মানির এই কিংবদন্তি পরশু বলেছেন, ‘আমার মনে হয়, ম্যাচ শেষে একসঙ্গে বেরিয়ে যাওয়ার সময় হাত মেলাতে অস্বীকার না করলে সেটা আরও ভালো ব্যাপার হবে। খেলোয়াড়েরা রোল মডেল আর তাঁদের রোল মডেলদের মতোই আচরণ করা উচিত।’ফুটবলের ভাবমূর্তির ব্যাপারটা নতুন করে আলোচনায় এসেছে সাম্প্রতিক সুয়ারেজ-এভরা কাণ্ডে। এভরার সঙ্গে হাত মেলাতে অস্বীকার করে হইচই ফেলে দেন সুয়ারেজ। এ ঘটনায় হতবাক বেকেনবাওয়ার বলেছেন, ‘আমি নিজে এমন ঘটনা প্রথম দেখলাম। আমাদের এটা অবশ্যই বন্ধ করা উচিত।’ ওয়েবসাইট।