হাত মেলাবেন এভরা-সুয়ারেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন টেরিকে বিব্রত হতে হয়নি এফএর একটি সিদ্ধান্তের কারণে। সাবেক ইংলিশ অধিনায়কের সঙ্গে কিউপিআরের খেলোয়াড়েরা হাত না-ও মেলাতে পারেন, এই আশঙ্কা থেকে চেলসি-কিউপিআর ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের প্রথাগত করমর্দনই বাতিল করে দিয়েছিল এফএ। কিন্তু লুইস সুয়ারেজ ও প্যাট্রিস এভরা এবার হাত না মিলিয়ে সম্ভবত পারছেন না।গত অক্টোবরে ম্যানইউর ডিফেন্ডার এভরাকে বর্ণবাদী গালি দিয়ে আট ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সেই ঘটনার ১০৯ দিন পর আগামী শনিবার প্রিমিয়ার লিগে আবার মুখোমুখি লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে মাঠে আবারও মুখোমুখি এভরা-সুয়ারেজ। ওল্ড ট্রাফোর্ডের ওই ম্যাচে দুই দলের সবাই সবার সঙ্গে হাত মেলাবে এমনটাই চায় এফএ। তাই ওই দিন সারা বিশ্বের ফুটবলমোদীদের চোখ থাকবে সুয়ারেজ ও এভরা কী করেন সেটা দেখার জন্য। ম্যানইউ ম্যানেজার স্যার আলেক্স ফার্গুসনও একমত এফএর সঙ্গে। তাঁর মনে হয় না যে সুয়ারেজের সঙ্গে হাত মেলাতে তাঁর ডিফেন্ডারের কোনো মানসিক বাধা থাকবে। দ্য গার্ডিয়ানকে ফার্গুসন বলেছেন, ‘এ ব্যাপারে (বর্ণবাদ) অভিযোগ তুলে প্যাট্রিস ইতিমধ্যে সাহসিকতার পরিচয় দিয়েছে। সুতরাং তার আর লজ্জা পাওয়ার কিছু নেই। আমার মনে হয় না হাত মেলানোটা কোনো সমস্যা।’তবে সাম্প্রতিক সময়ের আরেকটি ঘটনার উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘বিশ্বাস হয় না এটা ২০১২ সাল। হয়তো ২০ বছর আগে এ রকম হতো, তবে ওই অবস্থাটা যে পাল্টেছে সেটা তো সবারই দেখার কথা।’তবে যাঁকে ঘিরে এ ঘটনা, সেই সুয়ারেজ এখন ওল্ড ট্রাফোর্ডে কেমন অভ্যর্থনা পান সেটাই দেখার বিষয়। উরুগুইয়ান স্ট্রাইকার অবশ্য বলেছেন দর্শকেরা দুয়ো দিলে তিনি আরও ভালো খেলবেন। একটি রেডিও স্টেশনকে ২৫ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘আমি জানি, ম্যানইউর সমর্থকেরা আমাকে বিব্রত করার চেষ্টা করবে। তবে আমি তাদের বলব, তাঁদের বিদ্রূপ আমাকে শুধু উদ্দীপনাই জোগাবে।’ ওয়েবসাইট।