হাতঘড়িতে রাশি রাশি রেকর্ড
‘ইলেকট্রনিক স্কোর বোর্ডটা কি চালু আছে?’—কাল মিরপুর সুইমিং কমপ্লেক্সে ঢুকেই ফেডারেশনের মাঝারি গোছের কর্মকর্তাকে প্রশ্নটা করলেন সাঁতার দেখতে আসা এক দর্শক।‘মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ থাকে’—মুখস্থ উত্তরটাই চোখ বুজে দিলেন ওই কর্মকর্তা।গত এসএ গেমসের সময় নষ্ট ঘড়ি মেরামত করে চালানো হলেও বাস্তবতা হলো এবারের ২৪তম ওয়ালটন জাতীয় সাঁতারে আবারও ফেডারেশন ফিরে গেছে আদি যুগে। মানে হাতঘড়িতে! এই হাতঘড়িতেই গাদা গাদা রেকর্ড হলো। সেই পদক গলায় ঝুলিয়ে মহা আনন্দে ছবির জন্য পোজ দিলেন সাঁতারুরা।কিন্তু এই রেকর্ডের আদৌ কি কোনো মূল্য আছে? লড়াইটা যেখানে মাইক্রো সেকেন্ডে, সেখানে হাতঘড়িতে টাইমিং করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে শুরুর আগেই যে পিছিয়ে পড়ে বাংলাদেশের সাঁতারুরা। এ ব্যাপারে জানতে চাইলেই ফেডারেশন কর্মকর্তারা দেন খোঁড়া যুক্তি। তাঁরা একবার বল গড়িয়ে দেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোর্টে, আবার এনএসসি ঠেলে দেয় ফেডারেশনের দিকে। জানা গেছে, এসএ গেমসের আগে আনা স্টার্টিং ব্লকগুলো এখনো স্টোর রুমেই পড়ে আছে। পুরোনো ব্লক সরিয়ে নতুন ব্লক বসানো যায়নি বলেই ইলেকট্রনিক স্কোর বোর্ড চালু করা সম্ভব হয়নি। কাল শেষ দিনে অবশ্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সামনে স্কোর বোর্ড চললেও সেটার সময় ধরা হয়নি। সেই পুরোনো হাতঘড়ি দিয়েই টাইমিং ধরা হয়েছে।এবারের জাতীয় সাঁতারে নতুন চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। মোট ১৮টি সোনা, ১৩টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতেছে তারা। গতবার চতুর্থ স্থানে থাকা আনসারের এমন সাফল্যের কারণ নিয়মিত প্রশিক্ষণ, এমন দাবি কোচ এমদাদুল হকের, ‘আমাদের বেশ কয়েকজন সাঁতারু এসএ গেমসের সময় ক্যাম্পে ছিল। এরপর ক্যাম্প শেষ হলেও আমরা অনুশীলন চালিয়ে গেছি। এতেই আমাদের ফলাফল আগের চেয়ে ভালো হয়েছে।’ রানার্সআপ সেনাবাহিনী পেয়েছে ১২টি সোনা, ১১টি রুপা ও ৭টি ব্রোঞ্জ।কাল শেষ দিনে মোট ১০টি ইভেন্টের মধ্যে নতুন জাতীয় রেকর্ড হয়েছে ৭টিতে। এবারের সাঁতারে সবচেয়ে সফল আনসারের সোনিয়া আক্তার (টুম্পা)। ১১টি ইভেন্টের মধ্যে সোনার পদক গলায় তুলেছেন ১০টিতেই। ব্যক্তিগত সফলতার জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পেয়েছেন একটি রঙিন টেলিভিশন। ৭টি সোনা জিতে ছেলেদের মধ্যে সেরা সাঁতারু হওয়া মাহফিজুর রহমানও (সাগর) পেয়েছেন একই পুরস্কার। ওয়াটার পোলোয় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী, রানার্সআপ সেনাবাহিনী।ডাইভিংয়ের ১ মিটার স্প্রিং বোর্ডে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আবুল কালাম আজাদ। ৩ মিটার স্প্রিং বোর্ড ও ৫ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ের সোনা বিকেএসপির সারোয়ার হোসেনের।পদক তালিকাদল সোনা রুপা ব্রোঞ্জআনসার ১৮ ১৩ ৪সেনাবাহিনী ১২ ১১ ৭নৌবাহিনী ৭ ১০ ৯বিকেএসপি ৪ ৪ ১১চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ ১ ০