হাতবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরও টিকল না শচীন টেন্ডুলকারের রেকর্ডটি। প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ২০০ রান করার কীর্তির দুই বছর পুরো হতে এখনো বাকি প্রায় তিন মাস। অথচ সাঈদ আনোয়ারের ১৯৪ রানের রেকর্ডটি টিকে ছিল ১২ বছর ৩ মাস। ২০০৯ সালে জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রি করেছিলেন আনোয়ারের সমান ১৯৪ রান। বাংলাদেশের বিপক্ষে ওই ইনিংসে অপরাজিত থাকায় রেকর্ডটি লেখা হয়েছিল কভেন্ট্রির নামে। ছয় মাস পরেই রেকর্ডটি উঠল টেন্ডুলকারের হাতে। ১৯৯৭ সালে সাঈদ আনোয়ার ভারতের বিপক্ষে ভেঙেছিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮৯ করেছিলেন ওল্ড ট্রাফোর্ডে। ১২ বছর ৩৫৫ দিন টিকেছিল সেটি। ভিভের প্রায় ১১ মাস আগে ১৭৫ করেছিলেন কপিল দেব। কপিল পেছনে ফেলেছিলেন গ্লেন টার্নারের (১৭১*) ৮ বছরের পুরোনো রেকর্ড। এর আগের সর্বোচ্চ রানের রেকর্ডগুলো একটিও ১ বছরের বেশি টেকেনি।