হাতবিহীন সাইক্লিস্টের বিশ্বজয়ের স্বপ্ন

কনুইয়ের পর থেকে হাতের বাকি অংশ নেই। জগবিন্দর সিং পৃথিবীর আলোয় এসেছিলেনই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে। কিন্তু কী দারুণ অনুপ্রেরণার গল্প লিখে প্রতিবন্ধকতাকে হার মানিয়েছেন ভারতের চণ্ডীগড়ের এই যুবক! দুই হাত ছাড়াই তিনি সাইক্লিং করছেন। শুধু করছেন? এরই মধ্যে রাজ্য সাইক্লিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। স্বপ্ন দেখছেন এই বছরের প্যারালিম্পিকে দেশকে পদক এনে দেওয়ারও।
হাত নেই, তাই খাওয়া-দাওয়াসহ দৈনন্দিন সব কাজই করেন পা দিয়ে। ছবিও আঁকেন পা দিয়েই। চণ্ডীগড়ে শিশুদেরও ছবি আঁকা শিখিয়ে নিজে আয় করেন ২৪ বছর বয়সী যুবক। কিন্তু তাঁর স্বপ্নের পরিধি বাড়িয়ে দিয়েছে ২০১২ লন্ডন অলিম্পিক। টিভিতে অলিম্পিকের খেলা দেখতে দেখতেই সাইক্লিংয়ের ধারণা মাথায় আসে।
বাবা-মার শত নিষেধ উপেক্ষা করেই রাতের বেলায় সাইকেল নিয়ে নেমে পড়তেন। বারবার পড়ে গেছেন, ব্যথা পেয়েছেন, কিন্তু আবার উঠে সাইকেলের প্যাডেলে পা রেখেছেন। সমস্যা হয়ে দাঁড়িয়েছিল দারিদ্র্য, সাইক্লিং রেসের বিশেষ ধরনের সাইকেল কেনার টাকা ছিল না। উপায়ও নিজেই বের করে নেন। ছবি আঁকা শেখানো থেকে পাওয়া টাকা জমিয়ে কিনে ফেলেন সাইকেল।
বাকি গল্পটুকু যেন স্বপ্নের ক্যানভাসে রংতুলির আঁচড়। রাজ্য চ্যাম্পিয়নশিপে সোনাসহ জিতেছেন আরও কিছু পদক। জগবিন্দরের চোখে স্বপ্ন এখন বিশ্বজয়ের। নিজেকে অনুপ্রাণিত করেন নিজের ইচ্ছাশক্তি দিয়েই, ‘নিজের অক্ষমতাকে বড় সমস্যা মনে করি না। যখনই কিছু করতে চাই, দেখি স্বাভাবিক লোকেরা সেটি কীভাবে করছে। তারপর নিজের মতো করে সেটি করার চেষ্টা করি।’
প্রতিভা আর ইচ্ছাশক্তির সামনে যে শারীরিক প্রতিবন্ধকতাও কোনো বাধা নয়, সেটিই নতুন করে দেখাচ্ছেন জগবিন্দর। ফার্স্টপোস্ট।