
হেলিকপ্টারে চড়ে স্টেডিয়ামে আসার পরিকল্পনা ছিল মোহামেডানের। পাশেই বঙ্গভবন। তাই প্রশাসন থেকে অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত হাতিতে চড়ে বিশাল সমর্থক বাহিনীর সঙ্গে হকি ফেডারেশনে এলেন মোহামেডানের খেলোয়াড়েরা। সঙ্গে বাদ্যি বাজনা। ফুলে সাজানো ঘোড়ার গাড়ি।
গত দুই মৌসুম হকির দলবদলে অংশ নেয়নি মোহামেডানসহ চার ক্লাব। এবার দলবদল করছে ঠিকই, কিন্তু বড় ক্লাবগুলো খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়ার বেলায় হয়েছে এককাট্টা। ‘গ্রেডিং’ নামের অদৃশ্য শেকল পরিয়েছে খেলোয়াড়দের পায়ে। তাই দলবদলে এসেও খুব বেশি উজ্জ্বল দেখাল না জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির চেহারা। খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্ক বেঁধে দেওয়ায় হতাশ জিমি বললেন, ‘ক্লাবগুলোর এই সিদ্ধান্তে আমরা কেউই সন্তুষ্ট নই। ১০ বছর আগে যে পারিশ্রমিক পেয়েছি এখনো সেটাই দেওয়া হচ্ছে। অনেক দিন পর লিগ হচ্ছে তাই বাধ্য হয়ে খেলছি।’
যদিও বলা হচ্ছে শুধু সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে চাকরি করা ১২ জন জাতীয় দলের খেলোয়াড়ই এই গ্রেডিংয়ের আওতায়। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সব খেলোয়াড়। জিমি জানালেন, ‘আসলে কেউ বেশি পারিশ্রমিক দিচ্ছে না আমাদের। বাহিনীর খেলোয়াড়দের আটকাতে গিয়ে সব খেলোয়াড়কে বঞ্চিত করা হচ্ছে।’
সার্ভিসেস দলে যে অনেকটা বাধ্য হয়ে যোগ দিয়েছেন সেটাও বললেন জিমি, ‘আমি ১৫ বছর ধরে হকি খেলছি। কিন্তু মাত্র ৭টা দলবদল করতে পেরেছি। এই লিগের পর আবার কবে লিগ হবে এর তো কোনো নিশ্চয়তা নেই। আসলে পরিস্থিতির কারণেই বাহিনীতে নাম লেখাতে বাধ্য হয়েছি।’
মোহামেডান এবার নিয়েছে জাতীয় দলের ছয় খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, তাপস বর্মণ, ইমরান হোসেন পিন্টু, কামরুজ্জামান রানা ও দ্বীন ইসলামকে। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা রাসেল বাপ্পী, আসাদুজ্জামান চন্দন, শহীদুল্লাহ টিটু এবং শামসুজ্জামান তুহিনও খেলবেন এই ক্লাবে। কোচ জার্মানির গেরহার্ড পিটার।
মোহামেডান ছাড়াও কাল দলবদল-প্রক্রিয়া সেরেছে মেরিনার্স ক্লাব, সোনালী ব্যাংক, সাধারণ বীমা, অ্যাজাক্স ও আজাদ স্পোর্টিং। জাতীয় দলের মইনুল ইসলাম কৌশিক, ফজলে হোসেন রাব্বি ও আশরাফুল ইসলামকে নিয়েছে মেরিনার্স। সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া মামুনুর রহমান চয়নও মেরিনার্সে খেলবেন। এই দলের কোচ হিসেবে দেখা যেতে পারে জার্মানির অলিভার কার্জকে।