হাতে চোট পেয়েছেন রবিন ফন পার্সি
পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন, অথচ একটি মাত্র গোল তাঁর। অনেকেই বলাবলি করছেন সময়টা ভালো যাচ্ছে না রবিন ফন পার্সির। আসলেই সময়টা ভালো যাচ্ছে না হল্যান্ড ফুটবল দলের এই স্ট্রাইকারের। পরশু ব্রাজিলকে হারিয়ে তাঁর দল হল্যান্ড সেমিফাইনালে উঠে গেছে, কিন্তু মন ভরানোর মতো খেলতে পারেননি পার্সি। এর ওপর আবার সঙ্গী হয়েছে চোট। পরশু কোচ বার্ট ফন মারউইক তাঁকে তুলে নেওয়ার আগে বাহুতে চোট পেয়েছেন। হাসপাতালেও যেতে হয়েছে তাঁকে।ব্রাজিলের বিপক্ষে জয়ের আনন্দের পাশে হল্যান্ড শিবিরে একটু দুশ্চিন্তা যে ঘুরে বেড়াচ্ছে তা ওই চোট সমস্যার কারণেই। পার্সির সঙ্গে ইনজুরিতে পড়েছেন জরিস মাথিসেনও। ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশেই খেলার কথা ছিল তাঁর। কিন্তু ম্যাচের ঠিক আগে হাঁটুতে চোট পান।পার্সির চোট গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন হল্যান্ড কোচ। তবে বর্তমান অবস্থাটা আসলে কী, সেটা স্ক্যান করার পরই বোঝা যাবে। রয়টার্স।