
বলরুমের পেছনের সারিতে বসেছিলেন। সব্যসাচী ক্রীড়াবিদ বশীর আহমেদ যখন নাম ঘোষণা করলেন, সব আলো কেড়ে নিলেন। মাহফুজা খাতুন শিলা একটু একটু করে এগিয়ে গেলেন পুরস্কার মঞ্চের দিকে।
প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কারের রেওয়াজটা এবারই ভঙ্গ হলো প্রথম। এবারই প্রথম যুগ্মভাবে বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার দেওয়া হলো। গত বছর দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) অনেক ‘প্রথমের’ রেকর্ড গড়া শিলার হাতে এবার উঠল বর্ষসেরার কাঙ্ক্ষিত সেই ট্রফি।
পুরস্কার যে পাবেন, শিলার মনের মধ্যে এমন আত্মবিশ্বাস ছিল। কিন্তু বর্ষসেরার পুরস্কারটা তাঁর কাছে এসেছে বিস্ময় হিসেবেই, ‘সত্যি বলতে কী আমি বর্ষসেরা ক্রীড়াবিদ হব, সেটা আশাই করিনি। ভেবেছিলাম হয়তো বর্ষসেরা নারী ক্রীড়াবিদ বা রানার্সআপ হব। প্রথমবার প্রথম আলোর সর্বোচ্চ সম্মানের পুরস্কারটা পেলাম, খুবই ভালো লাগছে।’
এসএ গেমসে বিভিন্ন খেলায় এর আগে মেয়েরা সোনা জিতলেও সাঁতারে প্রথম সোনাজয়ী তিনি। ভারতের গুয়াহাটিতে গত বছর প্রথমে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতার পরদিনই জেতেন ৫০ মিটারে। গেমসের ইতিহাসে ১০ বছরের পুরোনো রেকর্ড গড়ে সোনা জেতেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে।
এই একটা পুরস্কার যেন খেলোয়াড়দের কাছে অন্তহীন প্রেরণার নাম। আগামী মে মাসে আজারবাইজানে যাবেন ইসলামিক সলিডারিটি গেমসে। এই পুরস্কার তাঁর ভালো করার ইচ্ছাটা বাড়িয়ে দিয়েছে অনেক। অন্য খেলার মেয়েরাও নাকি এখন প্রেরণা খুঁজবেন শিলাকে দেখে, ‘এই পুরস্কার নিজের জন্য তো বটেই অন্যদেরও অনুপ্রেরণার প্রতীক। প্রতিটি ফেডারেশনের মেয়েরাই এখন বর্ষসেরা ক্রীড়াবিদ হতে চাইবেন।’
যশোরের নওয়াপাড়া থেকে এই পর্যায়ে আসতে কম কষ্ট করতে হয়নি এই সাঁতারুকে। কখনো এতিমখানায় থাকতে হয়েছে। কখনো কোচ আবদুল মান্নানের বাড়িতে থেকেছেন মা-বাবাকে ছেড়ে। বিকেএসপিতে ২০০৩ সালে ভর্তি হওয়ার পর থেকেই সুযোগ মেলে জাতীয় পর্যায়ে খেলার। কিন্তু ফেডারেশনের কর্মকর্তাদের বঞ্চনার শিকারও হয়েছেন অনেকবার। ‘বুড়িয়ে গেছেন শিলা, ওকে দিয়ে আর কিছু হবে না’—এমন মন্তব্যও শুনতে হয়েছে। কিন্তু কোরিয়ান কোচ পার্ক তে গুন নতুন করে শিলার ভেতরে জ্বালিয়েছিলেন আগুন। সেই আগুনের শিখায় পুড়ে খাক হয়েছেন সমালোচকেরা। শিলা বাংলাদেশের জন্য সাঁতার থেকে এনেছেন দুটি সোনার পদক।
গত বছরটা সোনায় মোড়ানো ছিল শিলার। এই পুরস্কার নিতে যখন মঞ্চে উঠছিলেন পেছনের কষ্টের কথা বারবার মনে পড়ছিল, ‘বলরুমে আমি আর মিরাজ (ক্রিকেটার মেহেদী হাসান) পাশাপাশি বসে ছিলাম। ওকে বলছিলাম আমরা দুজন কোথায় ছিলাম, কোথায় এলাম! আমাদের দুজনের বাড়িও পাশাপাশি। যশোর থেকে বিমানে অনেকবার এসেছি একসঙ্গে। ওর সঙ্গে আমার সখ্যও দারুণ। দুজনই গত বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার হিসেবে বাড়ি পেয়েছি। কত যে কষ্ট করেছি। আজ পুরস্কার নেওয়ার সময় সেই কষ্টের কথা মনে হচ্ছিল। কষ্ট ভুলে এখন শুধুই সামনে এগিয়ে যেতে চাই আমি।’
অনুষ্ঠান শেষে ট্রফি আর একগুচ্ছ ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন শিলা। অনেকে এসে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। ট্রফি জেতার পাশাপাশি মানুষের ভালোবাসা কুড়িয়ে এভাবেই আরও সামনে এগিয়ে যেতে চান নৌবাহিনীর এই সাঁতারু।