হাথুরুসিংহেই নতুন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাথুরুসিংহ
হাথুরুসিংহ

শেষ পর্যন্ত চন্ডিকা হাথুরুসিংহেই হচ্ছেন বাংলাদেশ দলের নতুন কোচ। সাবেক এই শ্রীলঙ্কান অলরাউন্ডারের সঙ্গে পাকা কথা হয়ে গেছে বিসিবির। এখন শুধু চুক্তির কিছু শর্ত নিয়ে আলোচনা হচ্ছে। হাথুরুসিংহে বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ ও বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবে কাজ করছেন।
বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক কাল নিশ্চিত করে বলেছেন, ‘হাথুরুসিংহের সঙ্গে কথা চূড়ান্ত হয়ে গেছে। তিনি বাংলাদেশ দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন।’ জানা গেছে, মাসিক প্রায় ২৫ হাজার ডলার বেতনে বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহে। তবে কিছু বিষয়ে আলোচনা এখনো চলছে। বর্তমান কর্মস্থল নিউ সাউথ ওয়েলসকেও আনুষ্ঠানিকভাবে জানানোর ব্যাপার আছে। তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বর্তমানে àঅস্ট্রেলিয়ার বাইরে বলে সেটাতে একটু দেরি হচ্ছে। এসব হয়ে গেলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। সে জন্য আরও তিন-চার দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওই বোর্ড কর্মকর্তা। বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ দেশে ফিরলে তাঁকে এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানাবে কোচ সন্ধান কমিটি।
শেন জার্গেনসেনের বিদায়ের পর একটু হাইপ্রোফাইল কোচই খোঁজা শুরু করে বিসিবি। সে জন্য টাকা কোনো সমস্যা হবে না, বোর্ড থেকে সেই নিশ্চয়তা পেয়েছিল কোচ সন্ধান কমিটি। কোচ-সংক্রান্ত প্রথম সভাতেই নাম আসে হাথুরুসিংহেসহ মাইকেল বেভান ও অ্যান্ডি ফ্লাওয়ারের। তবে বিসিবির প্রথম পছন্দ ছিলেন হাথুরুসিংহে। বিসিবির সঙ্গে যোগাযোগটা সংবাদমাধ্যমে জানাজানি হয়ে গেলে মাঝে একটু ক্ষুব্ধ হলেও শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে রাজি হয়েছেন ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলা এই শ্রীলঙ্কান ক্রিকেটার। নতুন করে কোনো সমস্যা সৃষ্টি না হলে আগামী দুই বছরের জন্য তিনিই থাকবেন বাংলাদেশ দলের প্রধান কোচ৷
প্রধান কোচ নিশ্চিত হয়ে গেলেও জাতীয় দলের বোলিং কোচ ও ট্রেনার এবং একাডেমির কোচের ব্যাপারে এখনো বিভিন্ন জায়গায় আলোচনা চালিয়ে যাচ্ছে কোচ সন্ধান কমিটি। বোলিং কোচ হতে পারেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক হিথ স্ট্রিক। আলোচনা চালু আছে বেভানের সঙ্গেও। ২০১৫ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান কিছুদিনের জন্য আসতে পারেন ব্যাটিং পরামর্শক হয়ে।