
ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চের বিমানে বুকিং দেওয়া ছিল গত পরশু দিনের। ফিরতি টিকিট যখন কাটেন, তখন স্টুয়ার্ট ম্যাককালামও যে কল্পনা করেননি এ টেস্ট পঞ্চম দিন পর্যন্ত গড়াবে! সেই বুকিং বাতিল করে প্রথমে গতকাল সকালে নেওয়া হলো, পরে আরও একবার বদল করে শেষ পর্যন্ত গত রাতের বিমানে বাড়ির পথ ধরলেন ম্যাককালাম সিনিয়র।
বাবার এই ‘ভোগান্তি’র কারণ ছেলে ব্রেন্ডন ম্যাককালাম! ছেলের ইতিহাস গড়া নিজের চোখে না দেখে কি ফিরে যাওয়া যায়!
দেখলেন তিনি। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ২০০তম ওভারে জহির খানের প্রথম বলটা ব্রেন্ডন ম্যাককালাম স্টিয়ার করলেন স্লিপ আর গালির মাঝখান দিয়ে। চার। স্কোর বোর্ডে তাঁর নামের পাশে ২৯৮ হয়ে গেল ৩০২। নিউজিল্যান্ডের ৮৪ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান। স্টুয়ার্টের সঙ্গে তখন পুরো বেসিন রিজার্ভ দাঁড়িয়ে, একটুও না থেমে শুধু করতালি চলল টানা চার মিনিটেরও বেশি। মাস তিনেক আগে মুম্বাইয়ের শচীন টেন্ডুলকারের বিদায়ী ইনিংসের পর এই প্রথম পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে সম্মান জানাল কোনো ক্রিকেটারকে।
আর ম্যাককালাম? ইতিহাসের ২৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি, তবে দ্বিতীয় ইনিংসে এর আগে এই কীর্তি ছিল শুধুই হানিফ মোহাম্মদের। এমন অর্জনে কিছুটা বিস্ময়ের ঘোর যেন তাঁর ম্যাচ শেষেও, ‘কোনো অশ্রদ্ধা না নিয়েই বলছি, ৩০০ রানের মাহাত্ম্য হয়তো আমি ২৪ ঘণ্টা আগেও জানতাম না। আমি মার্টিন ক্রোকে ২৯৯ করতে দেখেছি, তখন মনে হয়েছিল, সে ৩০০ করতে পারলে হয়তো দারুণ হতো। কিন্তু পুরো দেশের কাছে এর মূল্য কতটুকু, সেটা আসলে তখনো বুঝতে পারিনি।’
কাকতালীয়ভাবে এত দিন নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ক্রোর সেই ২৯৯ রানের ইনিংসটাও এই বেসিন রিজার্ভেই, ১৯৯১ সালের ফেব্রুয়ারি। একই মাঠে পূর্বসূরিকে পেরিয়ে যাওয়ার অনুভূতি শোনালেন ম্যাককালাম, ‘আমি যাদেরকে আজ পেরিয়ে গেলাম, সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে মার্টিন ক্রো, প্রায় ২০ বছর (আসলে প্রায় ২৩ বছর) যিনি নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংসের মালিক ছিলেন। তাঁর মাপের একজন এবং স্টিভেন ফ্লেমিংসহ অন্যদের পেছনে ফেলে আমি আসলে খুব অপ্রস্তুত বোধ করছি।’
কথাবার্তায় এমন বিনয় আরও মহিমা যোগ করছে ম্যাককালামের কীর্তিতে। সেই কীর্তিটা তো শুধু রানের সংখ্যায় লেখা নেই। নিজের স্বভাবসুলভ ব্যাটিং ভুলে গিয়ে প্রায় ১৩ ঘণ্টা (৭৭৫ মিনিট) ধৈর্যের প্রতিমূর্তি হয়ে থেকে ম্যাচ বাঁচিয়েছেন। যে ম্যাচ দু দিন আগেই ভারত জিতে যাবে বলে ভেবেছিলেন অনেকে! কাল ওয়েলিংটনে ড্রয়ের পর নিউজিল্যান্ডের ১-০ ব্যবধানে সিরিজ জয়ের কৃতিত্বটাও তাই ম্যাককালামকেই দিলেন ভারত-অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ‘একজন ক্রিকেটপ্রেমী হিসেবে আমি মনে করি, ম্যাককালাম দারুণ ব্যাট করেছে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছে ওয়াটলিং। রানের কথা ভুলে যান, একটা ইনিংসে পাঁচ শর বেশি বল খেলাও তো খুব কঠিন কাজ।’
শুধু ওয়াটলিংই নন, অভিষেকে ৮ নম্বরে সর্বোচ্চ ইনিংস খেলে (১৩৭*) শেষ দিকে তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন জিমি নিশামও। তৃতীয় দিন সকালে যে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৯৪, দু দিন পর কাল সকালে তারাই ইনিংস ঘোষণা করল নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৮ উইকেটে ৬৮০ রানে! দ্বিতীয় ইনিংসে ৫৪ রানেই পড়ে গিয়েছিল ভারতের ৩ উইকেট! বিরাট কোহলি (অপরাজিত ১০৫) হাল না ধরলে এ টেস্টটা ধোনির দল বাঁচাতে পারত কি না, কে জানে! তথ্যসূত্র: সনি সিক্স, ক্রিকইনফো, ওয়েবসাইট।