হাফিজ-ধোনির বিশ্বকাপ-ভাবনা
দুই দল দুই গ্রুপে। সুপার এইট বা সেমিফাইনাল-ফাইনালে দেখা হবে কি না, সেটা বলতে পারে কেবল সময়। তার পরও নিশ্চিত করে বলা যায় শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছেই। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ১৭ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ খেলবে প্রেমাদাসা স্টেডিয়ামে। ভারত এর আগেও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, পি সারা ওভালে। একই মাঠে ১৯ সেপ্টেম্বর পাকিস্তান দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অনন্ত চাপ, সেটা অনুশীলন ম্যাচ হলেও। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজের ধারণা, বিশ্বকাপের ঠিক আগে এমন একটি ম্যাচ তাদের জন্য বড় প্রাপ্তি, ‘এই ম্যাচ সব সময়ই দারুণ চাপের ম্যাচ। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের ঠিক আগে এমন অভিজ্ঞতা দলের কাজে লাগবে দারুণভাবে।’ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ছিল দুই দল, পরের মুখোমুখি হয়েছিল ফাইনালেও। গ্রুপ পর্বের ম্যাচ টাই হওয়ার পর ভারত জিতেছিল বোল আউটে, ফাইনালে ৫ রানে। শেষ মুহূর্তের রণপরিকল্পনা সাজাতে এখন ব্যস্ত দুই দলই। প্রস্তুতি ম্যাচগুলো দেয় পরিকল্পনা বাজিয়ে নেওয়ার সুযোগও। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভাবনায় এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সম্ভবত ‘পঞ্চম বোলার’ সমস্যা। একজন খাঁটি অলরাউন্ডারের অভাব ভারতের দীর্ঘদিনের। সমস্যা মেটেনি এখনো। ধোনির পরিকল্পনা তাই খণ্ডকালীনদের ঘুরিয়ে-ফিরিয়ে পঞ্চম বোলারের কাজটুকু করিয়ে নেওয়া, ‘আমরা ব্যাটিংয়ের ওপর অতিনির্ভরশীল দল। জেনুইন অলরাউন্ডার যেহেতু নেই, পার্টটাইমারদের ওপরই আমাদের নির্ভর করতে হয়। আমাদের পরিকল্পনায় পার্টটাইমারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের পার্টটাইমাররা ভালোও করছে। যুবরাজ আছে, সঙ্গে বিরাট কোহলি, রায়না, রোহিত। পঞ্চম বোলারের কাজটা ওদেরই ভাগাভাগি করতে হবে।’পঞ্চম বোলার সমস্যায় ধোনিকে কিছুটা স্বস্তি দিয়েছে যুবরাজের ফেরা। ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ককে ফিরে পেয়ে উচ্ছ্বসিত ধোনি, ‘যুবরাজ একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, সত্যিকারের ম্যাচ উইনার। ও ফেরায় আমি খুশি। আমরা যেহেতু পাঁচ বোলার নিয়ে খেলি না, দলের সমন্বয়ের স্বার্থেই যুবরাজকে বড্ড প্রয়োজন।’পাকিস্তানের এই সমস্যা নেই। আফ্রিদি, রাজ্জাক, মালিক, আরাফাত আর হাফিজ স্বয়ং—অলরাউন্ডারে ঠাসা এক দল। এ কারণেই কি না, সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সফলতম দলও পাকিস্তান। প্রথমবার রানার্সআপ, পরেরবার চ্যাম্পিয়ন, গত টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট। সাফল্যের এই ইতিহাস হাফিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা, ‘গত তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা দারুণ করেছি। এই টুর্নামেন্টে আমরা বেশ ধারাবাহিক। কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জয় এবার আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিশ্বকাপ জয় যেকোনো জাতির জন্য বিশেষ কিছু, আমরা আগে দুবার (ওয়ানডে ও টি-টোয়েন্টি) জিতেছি। এবারও আমাদের দল দারুণ, সম্ভাবনা ভালো। তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না।’পাকিস্তানের বড় শক্তি অভিজ্ঞতা। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ানো একগাদা ক্রিকেটার আছেন দলে। এটাকে বড় ভরসা মানছেন হাফিজ, ‘আমাদের এমন সব ক্রিকেটার আছে যারা প্রচুর টি-টোয়েন্টি খেলেছে। আফ্রিদি, ইয়াসির আরাফাত, রাজ্জাক, ইমরান নাজির—অনেক টি-টোয়েন্টি স্পেশালিস্ট নিয়ে গড়া দল, এই কন্ডিশনে ভালো করার সব রসদই আছে।’‘ডি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গী নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় ফেবারিট নিঃসন্দেহে পাকিস্তান, তবে হাফিজ কোনো দলকেই খাটো করে দেখতে নারাজ, ‘টি-টোয়েন্টিতে এমনকি এক ওভারেও কোনো দল পার্থক্য গড়ে দিতে পারে। বাংলাদেশ-জিম্বাবুয়ে হয়তো ভালো টেস্ট দল নয়, কিন্তু টি-টোয়েন্টিতে ভালো করে আসছে। নিউজিল্যান্ড নিজেদের দিনে দারুণ বিপজ্জনক দল, বাংলাদেশও তা-ই।’ এএফপি, ওয়েবসাইট।