হাফিজকে দুষলেন রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসন্তুষ্টির কথা প্রকাশ্যে বলে দেওয়ার জন্য পরিচিতি আছে আবদুল রাজ্জাকের। ব্যাটিং-অর্ডার ওঠা-নামা, পর্যাপ্ত সুযোগ না পাওয়া—এসব নিয়ে নানা সময়ে সোচ্চার হয়েছেন। গত ডিসেম্বরে বাংলাদেশে এসে বলেছিলেন ওয়াকার ইউনুস কোচ থাকার সময় তাঁর ক্যারিয়ারের বারোটা বাজিয়েছেন। সেই রাজ্জাক আবারও স্বমহিমায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দেশে ফিরে রাজ্জাকের অকপট দাবি, সেমিফাইনালে একক সিদ্ধান্তে তাঁকে বাদ দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ হাফিজ। আর হাফিজের দাবি, সিদ্ধান্তটা টিম ম্যানেজমেন্টের।শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে ‘বড় ম্যাচের বড় খেলোয়াড়’ রাজ্জাকের অনুপস্থিতি অবাক করেছিল অনেককেই। আগের দিন থেকেই গুঞ্জন ছিল, পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট চায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটার একাদশ অপরিবর্তিত রাখতে। আর অধিনায়ক হাফিজ চাইছিলেন সোহেল তানভিরকে খেলাতে। একাদশ বলছিল, শেষ পর্যন্ত জয় হয়েছে হাফিজেরই। রাজ্জাক দেশে ফিরে বলেছেন, সত্যটা স্বীকার করার সাহস থাকা উচিত হাফিজের, ‘সেমিফাইনালে খেলার সুযোগ না পাওয়াটা ছিল খুবই দুঃখজনক ও হতাশাজনক। বড় ম্যাচটির জন্য আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিলাম। আমি একাদশে নেই জানার পর মুষড়ে পড়ি। আমি জানি, টিম ম্যানেজমেন্ট আমাকে বাদ দেয়নি। বাদ দিয়েছে হাফিজ এবং ওর সেটা বলা উচিত। বোর্ড ও টিম ম্যানেজমেন্টের ঘাড়ে না চাপিয়ে ওর উচিত এই সিদ্ধান্তের দায় মেনে নেওয়া।’লাহোর বিমানবন্দরে হাফিজ এটা নিয়ে বেশি কথাই বলেননি। শুধু জানিয়েছেন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন রাজ্জাক। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আগের উজ্জ্বল রেকর্ড ও পেস বোলিংটা আরেকটু শক্ত করতে তানভিরকে খেলাতে মরিয়া ছিলেন হাফিজ। তানভির অবশ্য দারুণ বোলিং করেছেন। নতুন বলে ৩ ওভারের টানা স্পেলে রান দিয়েছিলেন মাত্র ১১। কিন্তু পাকিস্তান ১৩৯ রান তাড়া করতে ব্যর্থ হওয়ায় ব্যাটিং-ব্যর্থতাটাই চোখে লাগছে বেশি। লোয়ার-মিডল অর্ডারে সেদিন রাজ্জাক থাকলে পাকিস্তান ম্যাচ জিতে যেত, এই বিশ্বাস অনেকের। রাজ্জাক নিজেও বলছেন, তিনি থাকলে ম্যাচটা সেদিন বের করে আনতে পারতেন, ‘ওরা (শ্রীলঙ্কানরা) আমাকে ও আফ্রিদিকে নিয়ে চিন্তিত ছিল। কারণ আমরা সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার এবং ওদের বিপক্ষে আগে ভালো খেলেছি। শেষ ৮ ওভারে যখন প্রয়োজন ছিল ৫৭, আমার জন্য সেটা ছিল আদর্শ পরিস্থিতি। এমনকি সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও বলেছেন স্লো ও টার্নিং ট্র্যাকে লোয়ার-অর্ডারে আমি কার্যকর হতে পারতাম। আমাকে যেভাবে বাইরে বসিয়ে রাখা হয়েছিল এবং দলকে যেভাবে হারতে দেখলাম, তাতে আমি খুবই কষ্ট পেয়েছি। হাফিজের স্বীকার করে নেওয়া উচিত যে আমাকে বাদ দেওয়ার পরিকল্পনাটা ছিল ওর।’অধিনায়ক হিসেবে হাফিজ নিজেও টিম ম্যানেজমেন্টের অংশ। হয়তো রাজ্জাকের জায়গায় তানভিরকে খেলানোর পরিকল্পনা হাফিজেরই, কিন্তু টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই যুক্তি-তর্কের পরই মেনে নিয়েছে! সব দলেই একাদশ নির্বাচন এভাবেই হয়। কে জানে, রাজ্জাকের এই ক্ষোভ তাঁর পুরোনো স্বভাবেই, নাকি পাকিস্তান দলে আবারও জ্বলতে শুরু করেছে গৃহবিবাদের আগুন! ওয়েবসাইট।