হাফিজকে রাজ্জাকের একহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল রাজ্জাকের মতো একজন ম্যাচ উইনারের অভিজ্ঞতা কেন পাকিস্তান আমলে নিল না, এ নিয়ে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। পাকিস্তানি গণমাধ্যম ও ক্রিকেটানুরাগীদের ক্ষোভের মুখে অধিনায়ক মোহাম্মদ হাফিজ এর দায়ভার চাপিয়েছেন টিম ম্যানেজমেন্টের ওপর। তবে যাঁকে নিয়ে এত আলোচনা-বিতর্ক, সেই রাজ্জাক স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, টিম ম্যানেজমেন্ট নয়, হাফিজের একক সিদ্ধান্তেই তিনি দল থেকে বাদ পড়েছেন।নিজ শহর লাহোরে ফিরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েই সব ক্ষোভ উগড়ে দিয়েছেন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘হাফিজের একক সিদ্ধান্তেই আমি দল থেকে বাদ পড়েছি। হাফিজ এখন দায় চাপাচ্ছে টিম ম্যানেজমেন্টের ওপর।’ রাজ্জাক দাবি করেন, মোহাম্মদ হাফিজকে সবার সামনে স্বীকার করতে হবে যে তাঁকে দলে না নেওয়া তাঁর একক সিদ্ধান্ত।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থেকেও মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন আবদুল রাজ্জাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে রাজ্জাকের ব্যাট থেকে আসে প্রয়োজনীয় ২২ রান। তবে সেই ম্যাচে একটিও বল করার সুযোগ পাননি পাকিস্তান ক্রিকেট দলের দীর্ঘদিনের এই কান্ডারি।দলে নিয়েও রাজ্জাককে খেলার সুযোগ না দেওয়ায় একে অনেক সাবেক ক্রিকেটার ও সমালোচক অভিজ্ঞতার অপচয় হিসেবে বর্ণনা করেছেন। রাজ্জাক নিজেও ব্যাপারটি সহজভাবে মেনে নিতে পারছেন না। তিনি দুঃখ করে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থেকেও খেলতে না পারায় আমি ভীষণ হতাশ।’ তিনি বলেন, ‘অন্য খেলাগুলো বাদ দিন, অন্তত সেমিফাইনাল ম্যাচে খেলার খুব ইচ্ছা ছিল। আমি মানসিকভাবেও প্রস্তুত ছিলাম ম্যাচটি খেলার জন্য।’ রাজ্জাক বলেন, ‘হাফিজ এখন নিজেকে বাঁচাতে বোর্ড ও টিম ম্যানেজমেন্টের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, শ্রীলঙ্কায় আমার দলে সুযোগ না পাওয়ার ব্যাপারটি সম্পূর্ণ হাফিজের সিদ্ধান্ত।’ রাজ্জাক আরও বলেন, ‘দল দারুণ খেলেই সেমিফাইনালে উঠেছিল। দলের সবার ইচ্ছা ছিল সেমিতে অপরিবর্তিত দল খেলানোর। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দলটি খেলে জয় পেয়েছে, সে দলে কেন পরিবর্তন আনা হলো, তা বুঝতে পারছি না।’সেমিফাইনালে জয়ের জন্য শেষ ৮ ওভারে পাকিস্তানের প্রযোজন ছিল ৫৭ রান। এ সময় যখন পাকিস্তানি ব্যাটসম্যানরা চাপের কাছে নিজেদের সঁপে দিয়েছিলেন, তখন রাজ্জাকের অভাব দারুণভাবে অনুভূত হচ্ছিল। রাজ্জাক নিজেও মনে করেন, ‘ওই পরিস্থিতিতে আমি অনেকবার দলকে জিতিয়েছি। কিন্তু এবার সে সুযোগ পেলাম না।’ ৪৬টি টেস্ট, ২৬৫টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতায় ঋদ্ধ আবদুল রাজ্জাকের কাছে এ মুহূর্তে সবচেয়ে বড় দুঃখ হলো, সেমিফাইনাল থেকে নিজ দেশের বিদায়। আর মন খুঁজে ফিরছে কৈফিয়ত। কোনো কারণ ছাড়াই তাঁকে সেমিফাইনালের একাদশ থেকে কেন বাদ দেওয়া হলো!কিন্তু পাকিস্তানি ক্রিকেটে কৈফিয়তেরই যে বড় অভাব ! ইএসপিএন।