হাফিজকে সরে যেতে বললেন সরফরাজ
সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। তবে শিরোপা জয়ের ব্যর্থতার চেয়েও এখন বেশি সমালোচিত হচ্ছে পাকিস্তানের দল নির্বাচনের ভুলত্রুটি ও অধিনায়ক মোহাম্মদ হাফিজের নেতৃত্ব। ইতিমধ্যেই অধিনায়কের পদ থেকে হাফিজকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার সরফরাজ নেওয়াজ। দলের সাফল্যের চেয়ে ব্যক্তিগত সাফল্য অর্জনকেই হাফিজ বেশি গুরুত্ব দেন বলে অভিযোগ করেছেন সরফরাজ নেওয়াজ। গতকাল সোমবার পাকিস্তানি সংবাদপত্র ‘দ্য নেশন’কে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে সরফরাজ নেওয়াজ বলেছেন, ‘একটা দলকে কীভাবে নেতৃত্ব দিতে হয়, তার কোনো ধারণাই হাফিজের নেই। সে শুধু নিজেকে নিয়েই চিন্তা করে এবং তার নেওয়া সব সিদ্ধান্ত থেকে বোঝা যায় সে কতটা অদক্ষ।’ সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সরফরাজ। ভারতের বোলিং আক্রমণ দুর্বল ও ব্যাটিং খুবই শক্তিশালী জানার পরও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা কিছুতেই ভেবে পাচ্ছেন না পাকিস্তানের সাবেক এই পেসার। প্রাথমিকভাবে এ সিদ্ধান্তের জন্যই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের স্বাদ পেতে হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। পাকিস্তানি ক্রিকেটের উন্নয়নের জন্য খুব দ্রুতই হাফিজের অধিনায়কের পদ ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন সরফরাজ। তিনি বলেছেন, ‘হাফিজের অবশ্যই শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের উদাহরণটা লক্ষ করা উচিত, যিনি দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পরও শিরোপা জিততে না পারায় অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। দলের ব্যর্থতার দায়ভার তিনি নিজেই নিয়েছেন। অন্যদিকে পুরো প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও অধিনায়কত্ব টিকিয়ে রাখতে চাচ্ছে হাফিজ। খুব দ্রুতই তার এই পদ থেকে সরে দাঁড়ানো উচিত।’ দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সরফরাজ নেওয়াজ। পুরো প্রতিযোগিতায় একটি ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখাতে না পারা সত্ত্বেও সেমিফাইনালে দলে রাখা হয়েছিল শহীদ আফ্রিদিকে। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো কিছু করার সামর্থ্য থাকা সত্ত্বেও দলের বাইরে রাখা হয়েছিল আবদুল রাজ্জাককে। এসব সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সরফরাজ বলেছেন, ‘রাজ্জাক তার ঝোড়ো ব্যাটিং দিয়ে যেকোনো প্রতিপক্ষকে চাপের মুখে ফেলে দিতে পারে। দলে তার মতো অলরাউন্ডারের অন্তর্ভুক্তি পাকিস্তানকে সহজেই কোনো ম্যাচ জিততে অনেক সহায়তা করতে পারত। কিন্তু হাফিজের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন থাকার কারণেই দলে সুযোগ পাননি রাজ্জাক।’ হাফিজের আত্মকেন্দ্রিকতার কারণে পাকিস্তান সাজঘরেও অনেক দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে মনে করেন সাবেক এই পাকিস্তানি ফাস্ট বোলারের।