হাফিজের নেতৃত্ব শঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের অধিনায়কের সিংহাসন কতটা কণ্টকিত, এবার বুঝতে পারছেন তিনিও। মাত্রই মে মাসে তপ্ত তখেত বসেছিলেন। তাঁর নেতৃত্বে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই মুগ্ধও ছিলেন। কিন্তু হুট করে ঘুরে গেল পাশার দান। মোহাম্মদ হাফিজই এখন ব্যর্থতার মুকুট নিয়ে খড়্গের নিচে। ধেয়ে আসছে সমালোচনার চাবুকও। শুধু অধিনায়ক নন, সাবেকদের সমালোচনার মুখে পড়েছেন কোচ ডেভ হোয়াটমোরও। পাকিস্তান কোচের পদটাও তো অধিনায়কের মতোই, অনিশ্চয়তার ছুরির নিচে।সাবেক লেগ স্পিনার আবদুল কাদির সমালোচনা করলেন আবদুল রাজ্জাককে ঠিকমতো ব্যবহার না করায়, ‘আমি মনে করি না আবদুল রাজ্জাককে ঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে, প্রাপ্য সম্মানটা দেওয়া হয়েছে। দলের সিনিয়র খেলোয়াড় এবং অনেক ম্যাচ জয়ের নায়ক হিসেবে যেটা ওর প্রাপ্য ছিল। অস্ট্রেলিয়া ম্যাচে ও যেভাবে খেলেছে, তার পরও সেমিফাইনালে ওকে বাদ দেওয়ার কোনো কারণই তো দেখি না। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, টিম ম্যানেজমেন্ট ওকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আমরা সেটারই মূল্য দিলাম।’দলের ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন তুলেছেন কাদির। এদিকে সাবেক অধিনায়ক ইউনুস খান মনে করেন, ইমরান নাজিরকে দলে রাখাই ভুল সিদ্ধান্ত, ‘২০-২৫ রান করলে দল থেকে আপনাকে বাদ পড়তেই হবে।’ আসিফ ইকবাল প্রশ্ন তুলেছেন দুই ওপেনারকে নিয়েই, ‘আমাদের দুই ওপেনারকেই মনে হয়েছে আতঙ্কিত। স্লো টার্নিং উইকেটে ওই লক্ষ্যটাও সহজ ছিল না। কিন্তু ঠিকভাবে পরিকল্পনা করলে আমরা সেই রান তাড়া করতে পারতাম। কিন্তু ব্যাটসম্যানরা উইকেটে থাকতেই চায়নি।’ জহির আব্বাসও মনে করেন পরিকল্পনার খুব অভাব ছিল, ‘রান তাড়া করতে হলে আপনার সঠিক পরিকল্পনা থাকতে হবে। পরিস্থিতি এবং উইকেটের অবস্থা বিবেচনা করে আমাদের খেলোয়াড়েরা খেলেনি। ১৪০ তাড়া করা খুবই সম্ভব ছিল। কিন্তু প্রয়োগক্ষমতার অভাব ছিল।’ আমির সোহেল মনে করেন দলে আসাদ শফিকের খুব দরকার ছিল। যদিও তিনি হাফিজের পক্ষেই দাঁড়িয়েছেন। সোহেল মনে করেন, হাফিজকে আরও সময় দেওয়া উচিত। একটা টুর্নামেন্টে ব্যর্থ হলেই ছুড়ে ফেলো—পাকিস্তান ক্রিকেটের এই ধারা থেকে বেরিয়ে আসা উচিত।সমালোচনা যতই হোক, হাফিজ নিজে কিন্তু নিজের দল নিয়ে গর্বিত, ‘আমরা ইতিবাচক ক্রিকেটই খেলেছি, আমি আমার দল নিয়ে গর্বিত। এই টুর্নামেন্টে যেভাবে খেলছে, তাতে যোগ্য দল হিসেবেই শ্রীলঙ্কা ফাইনালে গেছে।’ হাফিজ অবশ্য স্বীকার করেছেন ১৪০ করা উচিত ছিল তাঁর দলের, ‘উইকেট টার্নিং ছিল, রান করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। মাঝপথে আমরা দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারিনি। আমাদের এই রান তাড়া করা উচিত ছিল।’ ওয়েবসাইট।