হাফিজের ফেবারিট কেউ নয়
কাগজে-কলমে শক্তির পার্থক্য, দুই দলের সাম্প্রতিক লড়াইয়ের ইতিহাস—সবই বলবে ফেবারিট ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারত সর্বশেষ হেরেছিল চার ম্যাচ ও ৩ বছর আগে। কিন্তু মোহাম্মদ হাফিজের কণ্ঠে উচ্চারিত হলো চিরন্তন বাক্যটাই। লাহোরে ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পের শেষ দিনে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বললেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে ফেবারিট বলে কিছু নেই।’প্রায় পাঁচ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে আজই ভারতে পা রাখছে পাকিস্তান। পরশু গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাফিজ জানালেন তাঁর সিরিজ-ভাবনা। ফেবারিট তত্ত্ব নিয়ে এই অলরাউন্ডারের দাবিটা যেমন পুরোনো, তেমনি যুক্তিটাও নতুন কিছু নয়, ‘ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই মানেই আর সবকিছুকে ছাড়িয়ে সবার ওপরে চাপ। দুই দলের প্রতিই লোকের প্রত্যাশা থাকে আকাশছোঁয়া। এমন চাপের সিরিজে ফেবারিট বলে কিছু নেই। দুই দলকেই ফেবারিট বলা যায়।’ভারত-পাকিস্তান লড়াইয়ে জয় ছাড়া অন্য কোনো কিছুই গ্রহণযোগ্য নয় সমর্থকদের কাছে। ক্রিকেটাররাও এটা ভালো করেই জানেন। এই লড়াই এ কারণেই ক্রিকেটারদের কাছে অনন্ত চাপ। হাফিজও সিরিজ জয় ছাড়া অন্যকিছু ভাবছেন না। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের আপাতত লক্ষ্য মুখোমুখি লড়াইয়ের চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের ধারায় বাঁধ দেওয়া, ‘গত কিছুদিনে ভারতের বিপক্ষে আমরা টানা চারটি ম্যাচ হেরেছি। এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এই জয়খরা কাটাতে হবে। প্রতিটি ক্রিকেটারের প্রাথমিক লক্ষ্য নিজের সেরাটা দেওয়া যাতে দল ভারতকে হারাতে পারে।’গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হাফিজের দলকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ধোনির ভারত। বিরাট কোহলির ১৮৩ রানের অসাধারণ একটি ইনিংসে হারিয়েছে গত এশিয়া কাপেও। এর আগে গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০১০ এশিয়া কাপেও পাকিস্তানকে হারিয়েছিল ভারত। পাকিস্তান সর্বশেষ ভারতকে হারিয়েছিল ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফিতে, সেঞ্চুরিয়নে। চিরশত্রুদের জয়ের ধারা থামাতে হাফিজ হাঁটতে চান চেনা পথেই। এই দুই দলের লড়াইয়ে বহুবার পার্থক্য গড়ে দিয়েছে পাকিস্তানের পেস আক্রমণ। সাম্প্রতিক সময়ে সব সংস্করণেই পাকিস্তানের সবচেয়ে অস্ত্র অফ স্পিনার সাঈদ আজমল। তবে ভারত সফরের টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে পাঁচজন পেসার। অভিজ্ঞ উমর গুলের সঙ্গে প্রথাবিরোধী পেসার সোহেল তানভির, দ্রুত উন্নতি করতে থাকা জুনাইদ খান, ৭ ফুট লম্বা মোহাম্মদ ইরফান ও তরুণ আসাদ আলীকে নিয়ে গড়া পাকিস্তানের টি-টোয়েন্টির পেস আক্রমণ। পূর্বসূরিদের দেখানো পথে ভারতকে পেসেই কাবু করতে চান হাফিজ, ‘শুধু সাঈদকে (আজমল) ম্যাচ উইনার বলে ওর ওপর অযথা চাপ সৃষ্টি করাটা ঠিক নয়। খেলাটা দলীয় এবং আমি মনে করি আমাদের পেস ব্যাটারিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অতীতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে পাকিস্তানকে জিতিয়েছেন পেসাররা। আসন্ন সিরিজেও আমার পেসারদের ওই ভূমিকায় দেখতে চাই। ভালো পেস আক্রমণের বিপক্ষে ভালো নয় ভারতীয় ব্যাটসম্যানরা। আমাদের পেসাররা ভারতের এই দুর্বলতা কাজে লাগাতে পারে।’ভালো পেস বোলিংয়ে ভালো নয় ভারত—সিরিজ শুরুর আগে তবে মনস্তাত্ত্বিক লড়াইটাও শুরু করে দিলেন ‘প্রফেসর!’ ওয়েবসাইট।