হাফিজের শতকে আবারও পাকিস্তানের বড় সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮৪ রান করেও জিততে পারেনি পাকিস্তান। ফলে আজ শারজায় অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে আরও বেশি রান তোলার তাগিদ ছিল পাকিস্তানি ব্যাটসম্যানদের। টপ অর্ডাররা হতাশ করেননি অধিনায়ক মিসবাহ-উল-হককে। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে পাকিস্তান করেছে ৩২৬ রান।

পাকিস্তানের ইনিংসটিকে বরং মোহাম্মদ হাফিজময় বলাই শ্রেয়। সিরিজে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে শতক তুলে নিলেন ‘দ্য প্রফেসর!’ করলেন ক্যারিয়ার-সেরা অপরাজিত ১৪০। লঙ্কান বোলাররা অক্লান্ত চেষ্টা করেও শেষ অবধি হাফিজের উইকেটটি নিতে পারেননি। ব্যাট হাতে দুঃসময় কাটিয়ে দ্রুতই স্বরূপে ফিরেছেন পাকিস্তানি অলরাউন্ডার। 

গত ম্যাচের মতো এদিনও টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক। দলের দুই রানের মাথায় কুলাসেকারার শিকার শারজিল খান। এরপর অবশ্য দীর্ঘক্ষণ লঙ্কান বোলারদের ভুগিয়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আহমেদ শেহজাদ ও হাফিজ। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১৬০ রান। মালিঙ্গার হাতে রানআউটে কাটা পড়ার আগে শেহজাদ করেন ৮১।

শেষ দিকে অধিনায়ক মিসবাহ-উল-হক ও উমর আকমলের দুটো ঝোড়ো ইনিংস পাকিস্তানকে বড় সংগ্রহে সহায়তা করে। পেরেরার শিকার হওয়ার আগে মিসবাহ ২৬ বলে করেন ৪০। গত দুই ওয়ানডেতে শেষ দিকে ঝড় তুললেও আফ্রিদি এদিন ‘ফ্লপ’! মাত্র দুই রানে পরিষ্কার বোল্ড করে তাঁকে সাজঘরের রাস্তা ধরান মালিঙ্গা। উমর আকমল ১২ বলে করেন অপরাজিত ২৩।  শ্রীলঙ্কার পক্ষে পেরেরা দুটি, কুলাসেকারা ও মালিঙ্গা পান একটি করে উইকেট।

পাকিস্তানের ৩২৬ রান জয়ের জন্য যথেষ্ট কি না, সেটি পরিষ্কার হবে ম্যাচ শেষে। তবে গত দুই ম্যাচের অভিজ্ঞতায় পাকিস্তানি বোলাররা ভালোই জানেন, নির্বিষ বোলিংয়ে এখন ৩০০-এর বেশি রানও নিরাপদ নয়।