৩২৩ রানের লক্ষ্য। শ্রীলঙ্কার সপ্তম উইকেট পড়ল ২২১ রানে। মনে হচ্ছিল সহজ জয় দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান। কাল শারজায় প্রথম ওয়ানডেটা জিতেছে পাকিস্তানই। তবে এর আগে লঙ্কান অষ্টম উইকেট জুটির তাণ্ডব পাকিস্তানকে শেষ পর্যন্ত রেখেছিল উৎকণ্ঠায়। সিকুগে প্রসন্ন (২৫ বলে ৪২) ও সেনানায়েকে (২৪ বলে ৪২) মাত্র ৪৫ বলে ৮৭ রান করেই সম্ভাবনা জাগিয়েছিলেন জয়ের। শেষ পর্যন্ত ৩১১ রানে অলআউট হয়ে ১১ রানে হেরেছে শ্রীলঙ্কা।
এর আগে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করেছেন ব্যাট হাতে দুঃসময় কাটানো মোহাম্মদ হাফিজ। আগের আট ওয়ানডেতে মাত্র ১৪৭ রান করা হাফিজ তাঁর সপ্তম ওয়ানডে সেঞ্চুরি (১২২) করেছেন ১২৯ বলে। ফিফটি করেছেন দুই তরুণ শারজিল খান ও শোহেব মাকসুদ। ইনিংসের শেষে আরেকটি আফ্রিদি-ঝড় (১২ বলে ৩৪)। ওয়ানডে অভিষেকে ৬ চার ও ৩ ছয়ে ৬১ বলে ৬১ করেছেন শারজিল। তৃতীয় উইকেটে হাফিজের সঙ্গে ১৪০ রান যোগ করা মাকসুদ ২ চার ও ৪ ছয়ে ৬৮ বলে ৭৩। শেষ ১০ ওভারে ১০৩ রান করেছে পাকিস্তান। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ৩২২/৫ (হাফিজ ১২২, মাকসুদ ৭৩, শারজিল ৬১, আফ্রিদি ৩৪; লাকমল ২/৭৩, পেরেরা ১/৫৩, প্রসন্ন ১/৩৯)।
শ্রীলঙ্কা: ৪৯.৪ ওভারে ৩১১ (কুশল ৬৪, চান্ডিমাল ৪৬, প্রসন্ন ৪২, সেনানায়েকে ৪২; ম্যাথুস ৩১, দিলশান ৩০, সাঙ্গাকারা ২৩; হাফিজ ১/৫২, তানভীর ১/৬৯, জুনাইদ ৩/৪৪, আফ্রিদি ২/৩০, ভাট্টি ১/৫৬)।
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: হাফিজ।