হাফিজের সেঞ্চুরি পাকিস্তানের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানখরা কাটিয়ে শারজায় প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানও জিতেছিল ১১ রানে। শারজায় হাফিজ সেঞ্চুরি করলেন কাল তৃতীয় ওয়ানডেতেও। এবারও জিতেছে পাকিস্তান। হাফিজের অপরাজিত ১৪০ রানের ইনিংসে পাকিস্তান করেছিল ৫ উইকেটে ৩২৬ রান। ৪৪.৪ ওভারে শ্রীলঙ্কা অলআউট ২১৩ রানেই। ১১৩ রানের সহজ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে পাকিস্তান এগিয়ে গেল ২-১-এ।
দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। দলও জিতেছিল। কালও শ্রীলঙ্কান অধিনায়ক ফিল্ডিং নিলেন। কুলাসেকারা শুরুটাও করেন দারুণ। ইনিংসের তৃতীয় ওভারেই বোল্ড করেন শারজিল খানকে। কিন্তু শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে আহমেদ শেহজাদকে নিয়ে হাফিজের ১৬০ রানের জুটি। ৮৯ বলে ৮১ রান করে শেহজাদ রানআউট। এরপর শোহেব মাকসুদের (২১) সঙ্গে ৩৮ ও মিসবাহর (৪০) সঙ্গে হাফিজের ৭৫ রানের জুটি। শেষ দিকে উমর আকমল ১২ বলে করেন অপরাজিত ২৩। ওয়ানডেতে আগের ক্যারিয়ার-সেরা ১৩৯* টপকে হাফিজ করেছেন অপরাজিত ১৪০। ১৩৬ বলের ইনিংসে হাফিজ চার মেরেছেন ১১টি, ছক্কা ৩টি। সেঞ্চুরির পর বল হাতেও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার সর্বোচ্চ ৫৯ রান দিলশানের। তথ্যসূত্র: ক্রিকইনফো।