
আবারও সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ হাফিজ, আবারও জিতেছে পাকিস্তান। ৮ উইকেটের বড় জয়, এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। হাফিজ কাল আবুধাবিতে চতুর্থ ওয়ানডেতে করেছেন অপরাজিত ১১৩। ২২৬ রানের লক্ষ্য পাকিস্তান ছুঁয়েছে ৪১.১ ওভারেই। শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ২২৫ রানে।
সিরিজে তৃতীয় সেঞ্চুরি, রেকর্ড বইয়ে হাফিজ বসেছেন জহির আব্বাসের পাশে। দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে তিন সেঞ্চুরি করা পাকিস্তানি ব্যাটসম্যান এ দুজনই। ২০১৩ সালে হাফিজের পঞ্চম সেঞ্চুরি ইনিংসটি ১২ চার ও ২ ছয়ে ১১৯ বলে করা।
সিরিজ বাঁচাতে জিততেই হবে, মরিয়া শ্রীলঙ্কা কাল মাঠে নেমেছিল একাদশে তিনটি পরিবর্তন এনে। এই তিনের দুজন আশান প্রিয়াঞ্জন ও কিতুরুয়ান ভিতানাগের তো ওয়ানডে অভিষেকই হলো কাল। প্রথমবারের মতো লঙ্কান জার্সি গায়ে চাপিয়ে রেকর্ডও করে ফেলেছেন চারে ব্যাট করা প্রিয়াঞ্জন। ২৪ বছর বয়সী এই ডানহাতি ৯৩ বলে ১০ চারে করেছেন ৭৪। শ্রীলঙ্কার হয়ে এর আগে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ৫৫ রান করেছিলেন চামারা সিলভা (অস্ট্রেলিয়া, কলম্বো, ১৯৯৯)। অফ স্পিনার সাঈদ আজমল ৩৯ রানে নিয়েছেন ৪ উইকেট। এর আগে ইনিংস শুরুর ৮ ওভারের মধ্যেই শ্রীলঙ্কার প্রথম তিন ব্যাটসম্যানকে তুলে নেন পেসার উমর গুল (৩/৩৭)। এএফপি।