সিংহলিজ স্পোর্টস ক্লাবের ব্যাটিং উইকেটে টস জিতে ফিল্ডিং নেওয়া। শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে চমকই উপহার দিলেন কাল। এই সফরে পাকিস্তানের বাজে ব্যাটিংই হয়তো এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছিল লঙ্কান অধিনায়ককে। হয়তো সুবিধা নিতে চেয়েছিলেন সামান্য আর্দ্রতার। কিন্তু কাজে লাগল না অধিনায়কের ফাটকা। জয়াবর্ধনে উইকেট থেকে যেমন কোনো সহায়তা পেলেন না, তেমনি পাকিস্তানিদের ব্যাটিংও হঠাৎ করে বদলে গেল। মোহাম্মদ হাফিজের ব্যাটে ভর করে ২০০৭ সালের জানুয়ারির পর প্রথম প্রথম ইনিংসে ৩০০ পেরোল পাকিস্তান। ২০০৬ সালের ফয়সালাবাদ টেস্টের পর টেস্টের প্রথম দিনে পাকিস্তানের ৩০০ পেরোনোর ঘটনাও এই প্রথম হলো। হাফিজের ক্যারিয়ার-সেরা অপরাজিত ১৭২ রানে কলম্বো টেস্টে প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৩৪ রান করেছে সফরকারীরা। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পাওয়া হাফিজের সঙ্গে অপরাজিত থেকেই দিন শেষ করেছেন আজহার আলী। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে ২৫২ রান করার পথে ৯২ রান করেছেন তৃতীয় সেঞ্চুরি পথে থাকা আজহার। তৌফিক ওমরের (৬৫) সঙ্গে উদ্বোধনী জুটিতেও ৭৮ রান করেছিলেন গল টেস্টে পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক হাফিজ। গত ডিসেম্বরে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৪৩ করার ১০ ইনিংস পর আবার সেঞ্চুরি পাওয়া হাফিজের ইনিংসে ১৮টি চারের সঙ্গে আছে সুরাজ রণদিভকে মিড উইকেটের ওপর দিয়ে মারা একটি ছক্কাও। হাঁফ ছেড়ে বাঁচা হাফিজ খুশি দলকে সাহায্য করতে পেরে, ‘অবশেষে দলের জন্য ভালো কিছু করতে পারলাম। রান না পাওয়াটা বেশ কঠিন ব্যাপার ছিল, কারণ এই পরিবেশে টপ-অর্ডারকেই তো রান করতে হয়।’কাল ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন হাফিজ। চা-বিরতির খানিক আগে উইকেটকিপারকে ক্যাচ দিয়েও বেঁচে যান। অ্যাঞ্জেলো ম্যাথুসের বলটা ছিল নো। এএফপি।