হাফিজের সেঞ্চুরিতে পাকিস্তানের বড় জয়
১৩৬ বলে ১৪০ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। বল হাতেও গুরুত্বপূর্ণ দুটি উইকেট। মোহাম্মদ হাফিজের এই অলরাউন্ড নৈপুণ্যেই বড় ব্যবধানের জয় পেয়েছে পাকিস্তান। ৩২৭ রানের দুরূহ লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ ওভার বাকি থাকতেই শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে গেছে ২১৩ রানে। ১১৩ রানের বড় জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
দ্বিতীয় ওয়ানডেতে লড়াকু ব্যাটিং করে ২৮৫ রান তাড়া করে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু গতকাল উল্লেখযোগ্য কোনো প্রতিরোধই গড়তে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। প্রথম ৯ ওভারের মধ্যে মাত্র ৪৪ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরে যান কুশাল পেরেরা, করুণারত্নে ও কুমার সাঙ্গাকারা। চতুর্থ উইকেটে তিলকারত্নে দিলশান ও দিনেশ চান্দিমালের ৫৯ রানের জুটিটাই ছিল দলের পক্ষে সর্বোচ্চ। ২২তম ওভারে ৫৯ রান করা দিলশানকে আউট করেই জয়টা প্রায় নিশ্চিত করে ফেলে পাকিস্তান। হাফিজের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরার আগে চান্দিমাল করেন ৩৬ রান। শেষপর্যায়ে লঙ্কান অধিনায়ক অ্যাঙ্গেলো ম্যাথুসের ৪৪ রানের ইনিংসটা শ্রীলঙ্কার হারের ব্যবধানটাই শুধু কিছুটা কমাতে পেরেছে। পাকিস্তানের পক্ষে মাত্র ১৯ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছেন উমর গুল। দুটি করে উইকেট পেয়েছেন জুনায়েদ খান, হাফিজ ও সাইদ আজমল।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে হাফিজের অপরাজিত ১৪০, আহমেদ শেহজাদের ৮১ ও অধিনায়ক মিসবাহ-উল-হকের ২৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ৩২৬ রান জমা করেছিল পাকিস্তান।