টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটাকে হেলায় হারালেন মোহাম্মদ হাফিজ। ২০০ রান থেকে বাউন্ডারি দূরত্বে দাঁড়িয়ে কী মতিভ্রম হলো কে জানে! রঙ্গনা হেরাথকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন। হাফিজের আক্ষেপের দিনে পাকিস্তানের আক্ষেপ আরও বাড়িয়েছে বৃষ্টি। দিনের বেশির ভাগ সময়ই খেয়ে নেওয়ায় কাল কলম্বোয় খেলা হয়েছে মাত্র ৪৪.২ ওভার। শ্রীলঙ্কার ঘাড়ে রানের বোঝা চাপিয়ে ম্যাচের ফল বের করে আনাটা একটু কঠিনই হয়ে গেল এতে। অনেক দিনের রানখরা ঘুচিয়ে সেঞ্চুরি পেয়েই অনেক খুশি হয়েছিলেন হাফিজ। কিন্তু সেটি তো পরশুর কথা। কাল বরং ডাবল সেঞ্চুরি না পাওয়ার দুঃখই বেশি পুড়িয়েছে তাঁকে। আজহার আলীও ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখতে শুরু করেছিলেন কি না কে জানে! দেড় শ পেরোনোর পর তো তা দেখাই যায়। কিন্তু চা-বিরতির কিছুক্ষণ আগে ১৫৭ রানে আউট হয়ে যান আজহার। এরপরই শেষ হয়ে যায় দিনের খেলা। পাকিস্তানের রান ছিল তখন ৪ উইকেটে ৪৮৮। অধিনায়ক মিসবাহ-উল-হকের (২৯*) সঙ্গে ব্যাট করছিলেন আসাদ শফিক (১*)।প্রথম দিনে ৯২ রানে অপরাজিত ছিলেন আজহার। কাল ৯২ থেকে ১০০—এই ৮ রান করতে ৪৫ বল লেগেছে হাফিজের সঙ্গে রেকর্ড ২৮৭ রানে জুটি গড়া এই ব্যাটসম্যানের। ৯৮ রানে দাঁড়িয়ে ৮টি ডট বল খেলা আজহার ৯৯ রানেও খেলেছেন ৮টি ডট বল। হাফিজের মতোই সুইপ করতে গিয়ে সুরাজ রণদিভের বলে পয়েন্টে কুলাসেকারার হাতে ক্যাচ দেন আজহার আলী। হাফিজ ও আজহারের সৌজন্যেই ২০০৮-০৯ মৌসুমের করাচি টেস্টের পর একই ইনিংসে দুটি দেড় শ ছাড়ানো ইনিংস দেখল পাকিস্তান। সেটিও ছিল শ্রীলঙ্কার বিপক্ষেই। হাফিজ আউট হওয়ার পর ২ ঘণ্টা ১২ মিনিট বন্ধ ছিল খেলা। এরপর বিতর্কিত এলবিডব্লুর শিকার হওয়ার আগে আজহারের সঙ্গে ৭০ রান যোগ করেন ইউনুস খান। টানা ২৩ ওভার বল করে ২ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার রঙ্গনা হেরাথ। ওয়েবসাইট।