হামলায় ইউরোপের ক্লাবগুলোর উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঙ্গোলায় টোগোর টিম বাসে হামলায় উদ্বেগ আর আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপের ক্লাবগুলো। এই ক্লাবগুলোর অনেক খেলোয়াড় আফ্রিকান। ম্যানচেস্টার সিটির ইমানুয়েল আদেবায়োর আর অ্যাস্টন ভিলার মুস্তাফা সালিফু তো সরাসরি হামলার শিকার।এ ছাড়া চেলসির চার খেলোয়াড়—আইভরিকোস্টের দুই ফরোয়ার্ড দিদিয়ের দ্রগবা, সলোমন কালু; ঘানার মাইকেল এসিয়েন ও নাইজেরিয়ার জন ওবি মিকেলও এখন অ্যাঙ্গোলায়। আর্সেনালের আইভরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল এবু, ক্যামেরুনের মিডফিল্ডার অ্যালেক্স সংও তা-ই। পোর্টসমাউথেরও চারজন খেলোয়াড় ক্লাব থেকে ছুটি নিয়ে গেছেন আফ্রিকান নেশনস কাপে খেলতে: আইভরিকোস্টের অরুনা দিনদানে, নাইজেরিয়ার নওয়ানকো কানু এবং আলজেরিয়ার নাদির বেলহাজ ও হাসান ইয়েবদা।ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এরই মধ্যে এক বিবৃতিতে এই খেলোয়াড়দের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ নয়; এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্পেনের বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ; ইতালির ইন্টার মিলানের মতো ক্লাবগুলোও। দুই ইন্টার সতীর্থ—ক্যামেরুনের স্যামুয়েল ইতো আর ঘানার সুলে মুনতারি নিজ নিজ দলের সঙ্গে অ্যাঙ্গোলায় সফর করছেন। বার্সেলোনার সেইডু কেইটা (মালি) আর ইয়াইয়া তোরে (আইভরিকোস্ট), রিয়ালের মোহামাদু দিয়ারা (মালি), সেভিয়ার ফ্রেডেরিক কানুটেও (মালি) খেলতে গেছেন সেখানে। শুধু টোগো হামলার শিকার হলেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রায় সবগুলো দলই দুশ্চিন্তাগ্রস্ত। এএফপি, ওয়েবসাইট।